
সকাল থেকেই প্রসন্ন তাঁর মন। প্রতিবছর যে রকম হয়, এবারের ৪ এপ্রিলের সকালটাতেও তাঁর ধানমন্ডির বাড়িতে একের পর এক মানুষ আসছে শুভেচ্ছা জানাতে। বসার ঘরের সোফাগুলো চলে এসেছে এক কোণে। ফাঁকা ঘরজুড়ে ফরাশ পাতা। সেখানে বসেই কেউ শোনাচ্ছেন গান, কেউ করছেন আবৃত্তি। ভেসে আসছে ‘তোমার পায়ের পাতা সবখানে পাতা, কোনখানে রাখব প্রণাম’ পঙ্ক্তিগুলো। কেউ ‘বিনু’কে নিয়ে রবীন্দ্রনাথের লেখা সেই বেদনাময় কবিতা আবৃত্তি করে সিক্ত করে দিচ্ছেন সবার মন। ‘যতক্ষণ তুমি আমায়’, ‘তুমি যে চেয়ে আছ’, ‘তোমার সুরের ধারা’র বাণী ও ছন্দে সবার কান আরাম পায়। একটু পর পর বেজে উঠছে তাঁর মুঠোফোন। কখনো বসে, কখনো হাঁটতে হাঁটতে কথা বলছেন। তারপর আবার শুনছেন আবৃত্তি, গান। ছন্দোময় এক জন্মদিনের অঘোষিত অনুষ্ঠানে সবাই তাঁকে শ্রদ্ধা জানাচ্ছেন।
তিরাশিতে পা রাখলেন সন্জীদা খাতুন। তাঁকে নিয়েই এখানে ব্যস্ত সবাই। ১৯৩৩ সালের ৪ এপ্রিল তাঁর জন্ম। বাঙালি সংস্কৃতির বিকাশে অতুলনীয় ভূমিকা রেখেছেন এবং রেখে চলেছেন এখনো। ছায়ানট, রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, কণ্ঠশীলনের মতো সংগঠনকে এগিয়ে নিয়ে চলেছেন তিনি। পেয়েছেন একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার, রবীন্দ্র পুরস্কার, কবি জসীমউদ্দীন পদক। অসংখ্য পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।
গতকাল শনিবার গান চলছিল সকাল থেকেই। বাড়ির বড় টেবিলটায় রাশি রাশি খাবার। যাঁরা এসেছেন জন্মদিনের শ্রদ্ধা জানাতে, তাঁরাও নিয়ে এসেছেন মিষ্টি, কেক। লুচি, ভাজি, চটপটিও ছিল খাদ্যতালিকায়। আসে নালন্দা, কণ্ঠশীলন, আনন্দধ্বনি, ছায়ানট। আসতে থাকেন একের পর এক নানা সংগঠনের সদস্যরা, ব্যক্তিগতভাবেও কেউ কেউ এসে জানিয়ে যান শ্রদ্ধা।
সন্ধ্যা ছয়টায় ছায়ানট ভবনের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে তাঁকে নিয়েই আয়োজন। আজ ছায়ানটের অনুষ্ঠানে তিনি কথক নন। শুধু শুনবেন। শুনবেন কথা, কবিতা, গান।
ছায়ানটের শিল্পীদের কণ্ঠে ভেসে এল দুটি সম্মেলক গান ‘শুভ্র সমুজ্জ্বল হে চির নির্মল’ ও ‘ধ্বনিল আহ্বান’। এরপর ফাহমিদা খাতুন, ইফফাত আরা দেওয়ান, লাইসা ইসলাম, মিতা হক, শারমীন সাথী ইসলাম, খায়রুল আনাম শাকিল গান শোনান। ‘আজি যে রজনী যায়’, ‘আয়রে বসন্ত তোর ও কিরণ মাখা পাখা তুলে’, ‘তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ’, ‘দিনশেষে রাঙা হলো’, ‘ফুল-ফাগুনের এল মরসুম’, ‘কুঁহু কুঁহু কুঁহু কোয়েলিয়া’—গানগুলো যেন লেগে থাকে কানে। গানের মাঝেই সন্জীদা খাতুনের লেখা থেকে পাঠ করে শোনান জাহীদ রেজা নূর। অনুষ্ঠান শেষ হয় ‘ও আলোর পথযাত্রী’ ও ‘মানুষ ভজ’ দুটি সম্মেলক গান দিয়ে। এরপর সবাই মিলে সন্জীদা খাতুনের সঙ্গে ছবি তোলেন।
ছবি তোলা শেষ হলে তিনি সবার সঙ্গে কুশল বিনিময় করতে করতে দোতলায় তাঁর ঘরে গিয়ে কিছুক্ষণ বসেন। বাইরে তখন ঝড়। বৃষ্টির ঝাপটা এসে শব্দ তুলছে জানালায়। তারই মাঝে সন্জীদা খাতুন বসে আছেন, চেহারায় অদ্ভুত এক প্রশান্তি। যেন তাঁর চোখ-মুখ বলছিল, ‘আকাশ আমায় ভরল আলোয়/ আকাশ আমি ভরব গানে’। আর তাঁকে দেখে আমাদের মনে হচ্ছিল তিনি যেন ‘আকাশের স্বর্ণলিপির উত্তরে ধরণির আনন্দবাণী’।