প্রবীণ সাংবাদিক এবিএম মূসা বলেছেন, পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের অনেক সময় প্রতিবাদ করা যায়। কিন্তু ছবি হচ্ছে সর্বজনীন ও সর্বজনপ্রিয় একটি মাধ্যম। এর বিরুদ্ধে প্রতিবাদ চলে না। কারণ একটি ছবি হাজার কথা বলে। ছবি এমন একটি মাধ্যম, যা পৃথিবীর সব ভাষাতেই কথা বলতে পারে। একটি ছবি হাজার বছরের সাক্ষীও হতে পারে।গতকাল বুধবার রাজধানীর ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত ‘রূপসী বাংলা জাতীয় ফটো প্রদর্শনী’ উদ্বোধন করতে গিয়ে এবিএম মূসা এ কথা বলেন। উদ্বোধনের পর বিজয়ী ফটোসাংবাদিকদের নাম ঘোষণা করা হয়।অনুষ্ঠানে বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শফিউদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক মীর আহাম্মদ, রূপসী বাংলা ফটো প্রদর্শনী কমিটির আহ্বায়ক নাসিম সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।এবার দেশের ৮০ জন ফটোসাংবাদিকের ১৩৯টি ছবি প্রদর্শনীতে স্থান পেয়েছে। এর মধ্যে সেরা পাঁচটি ছবি প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে।প্রতিযোগিতায় যুগ্মভাবে প্রথম স্থান অধিকার করেছেন ডেইলি সান-এর ফটোসাংবাদিক শফিকুল ইসলাম ও রাশেদ সুমন, যুগ্মভাবে দ্বিতীয় স্থান অধিকার করেছেন যথাক্রমে ইত্তেফাক-এর সাইফুল ইসলাম ও দিনকাল-এর বাবুল তালুকদার এবং তৃতীয় স্থান অধিকার করেছেন প্রথম আলোর সাহাদাত পারভেজ। এ ছাড়া চারজনকে বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে।