ছাউনিগুলো যাত্রীদের জন্য নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

*বিমানবন্দর থেকে আবদুল্লাহপুর মোড় পর্যন্ত সড়কের দুই পাশে ১৪টি যাত্রীছাউনি ছিল। এর সবই অপরিচ্ছন্ন ও নোংরা* উত্তরা জসীমউদ্‌দীন মোড় থেকে আজমপুর পর্যন্ত থাকা কয়েকটি যাত্রীছাউনিতে দেখা যায়, একটি ছাউনিতে বিক্রির জন্য কাঠের ফার্নিচার রাখা হয়েছে

যাত্রীছাউনি আছে, কিন্তু মানুষের বসার জায়গা নেই। বসার স্থানে রাখা বিভিন্ন ধরনের পণ্য। অস্বস্তি নিয়ে কয়েকজন নারী সেখানে নিরুপায় হয়ে দাঁড়িয়ে আছেন গাড়ির অপেক্ষায়। এ চিত্র রাজধানীর বিমানবন্দর বাসস্টেশনের পশ্চিম পাশে থাকা একটি যাত্রী ছাউনির।

উত্তরা এলাকায় যাত্রীদের জন্য তৈরি করা ছাউনিগুলো বেশির ভাগই দখল হয়ে গেছে। কোনোটিতে বসেছে দোকান, কোথাও যাত্রীদের বসার বেঞ্চ তুলে ফেলা হয়েছে। বিক্রি হচ্ছে হালকা খাবার, বইপত্র, জামাকাপড়।

বিমানবন্দর থেকে আবদুল্লাহপুর মোড় পর্যন্ত সড়কের পূর্ব ও পশ্চিম পাশে ১৪টি যাত্রী ছাউনি ছিল। এর মধ্যে বিমানবন্দর স্টেশনের একদিকে দুটি ও অন্যদিকে তিনটি ছাউনি আছে। সবই অপরিচ্ছন্ন ও নোংরা।

ছাউনির নিচে দাঁড়িয়ে থাকা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত জাহান বলেন, ‘প্রতিদিন এই সমস্যার সম্মুখীন হতে হয়। লোকজন প্রকাশ্যে সিগারেট খায়। ধোঁয়ায় অস্বস্তি লাগে। মুখে কাপড় দিয়ে বাসের জন্য অপেক্ষা করতে হয়। আবার অনেক সময় বখাটেরা বসে থাকে, খারাপ মন্তব্য করে।’

ডিএনসিসি সূত্র জানায়, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় শতাধিক যাত্রী ছাউনি আছে। এর মধ্যে করপোরেশনের তত্ত্বাবধানে আছে ২৯টি। কিন্তু সেগুলো ঠিকমতো রক্ষণাবেক্ষণ করা হয় না। বেদখলের ফলে এগুলো যাত্রীদের কাজে আসছে না।

যাত্রী ছাউনিগুলোতে নিয়মিত গাড়ির জন্য অপেক্ষা করেন এমন কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলে জানা যায়, ছাউনিতে দোকান বরাদ্দের কারণেই লোকজনের জমায়েত, আড্ডাবাজি বেশি হয়। সন্ধ্যার পরে এসব স্থানে আড্ডা আরও বেড়ে যায়।

ছাউনিতে দোকান বসানোর বিষয়ে দোকানিদের সঙ্গে কথা বললে তাঁরা জানান, সিটি করপোরেশন থেকে বাণিজ্যিক অনুমতি নিয়েই দোকান বসানো হয়েছে। অন্য আরও দোকানের বিক্রেতারা জানান, তাঁরা দোকানে কাজ করেন। দোকানের বৈধতার বিষয়ে তাঁরা কিছু জানেন না। দোকানিদের তথ্য অনুযায়ী দোকানমালিকের নাম মো. ইউসুফ। মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁকে পাওয়া যায়নি।

উত্তরা জসীমউদ্‌দীন মোড় থেকে আজমপুর পর্যন্ত থাকা কয়েকটি যাত্রী ছাউনিতে দেখা যায়, একটি ছাউনিতে বিক্রির জন্য কাঠের ফার্নিচার রাখা হয়েছে। ছাউনিটা এখন আর যাত্রীরা ব্যবহার করেন না। অপর একটি নতুন ছাউনিতে রাস্তার ছিন্নমূল মানুষ সারা দিন দখল করে ঘুমিয়ে থাকে।

স্থানীয় লোকজনের অভিযোগ, ছাউনিগুলো অপরিকল্পিতভাবে নির্মাণ করা হয়েছে। ছাউনির সামনে গাড়ি থামে না। তাই যাত্রীরাও ছাউনিতে না গিয়ে বাসে ওঠার সুবিধাজনক স্থানেই অপেক্ষা করেন।

জানতে চাইলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, যাত্রী ছাউনিগুলো জনসাধারণের ব্যবহারের উপযোগী করার জন্য সেখান থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এতদিন এ নিয়ে মামলা মোকদ্দমা ছিল। সেগুলো নিষ্পত্তি হয়েছে। ফার্মগেট, শ্যামলী, আসাদগেটসহ বিভিন্ন এলাকার যাত্রী ছাউনিগুলো দখলমুক্ত করা হয়েছে। তিনি বলেন, পুরোনো যাত্রী ছাউনি দখলমুক্ত করার পর আরও কিছু নতুন যাত্রী ছাউনি নির্মাণ করা হবে। সেগুলোতে কোনো ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠানের অনুমতি দেওয়া হবে না।