জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কর্মীরা ছাত্র ইউনিয়নের তিন নেতা-কর্মীকে মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার বেলা একটার দিকে বিশ্ববিদ্যালয়ের ‘মুক্তিযুদ্ধের প্রস্তুতি’ ভাস্কর্যের সামনে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের প্রস্তুতি ভাস্কর্যের সামনে একটি ব্যানারে ‘সাম্প্রদায়িক রাজনীতি আইন করে নিষিদ্ধ কর’ ও ‘যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত কর’—এমন দুটি স্লোগান লিখছিলেন ছাত্র ইউনিয়নের কয়েকজন কর্মী। এ সময় পাশেই কর্মী-সমাবেশ করছিল ছাত্রলীগ। তখন ছাত্রলীগের কর্মীরা ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীদের ওপর হামলা চালান। তবে হামলার কারণ নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।হামলায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, শিক্ষা-গবেষণা ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক রুদ্র মোস্তফা ও কর্মী তুষার আহমেদ আহত হন। এঁদের মধ্যে রুদ্র মোস্তফাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।ছাত্র ইউনিয়নের নেতা ফারুক আহমেদ হামলাকারীদের শাস্তির দাবি করেছেন।আহত রুদ্র মোস্তফা অভিযোগ করেন, ক্যানটিনে ছাত্রলীগের নেতা-কর্মীদের ফাও খাওয়ার বিষয় নিয়ে ছাত্র ইউনিয়ন গত বুধবার সমাবেশ করায় এ হামলা চালানো হয়েছে।ছাত্রলীগের নেতা শরিফুল ইসলাম মারধরের বিষয়টি অস্বীকার করেন। প্রক্টর অশোক কুমার সাহা বলেন, তদন্ত করে এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।ছাত্র ইউনিয়নের প্রতিবাদ: ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদ। গতকাল বিকেলে সংগঠনের এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।