ছাত্র ও গৃহবধূসহ ছয়জনের অস্বাভাবিক মৃত্যু
রাজধানীতে পৃথক ঘটনায় গত দুই দিনে ছয়জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাঁদের একজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং তিনজন গৃহবধূ বলে জানিয়েছে পুলিশ।গতকাল বৃহস্পতিবার সকালে খিলক্ষেত থানার ডুমনি বিল থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়। তাঁর গলা ধারালো অস্ত্র দিয়ে কাটা ছিল। নিহত যুবকের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন জানান, নিহত যুবকের পকেটে বা ঘটনাস্থলে কিছু পাওয়া যায়নি। গতকাল সকাল পৌনে ১০টার দিকে খিলগাঁও উড়ালসেতুর দক্ষিণে বোরাক পরিবহনের একটি বাসের চাপায় জহিরুল হক মোল্লা (৪০) নামে একজন নিহত হন। জহিরুলের বাড়ি কুমিল্লার মুরাদনগরে। তেজগাঁও থানার পুলিশ জানায়, গতকাল সকাল সাতটার দিকে সেনানিবাসের জাহাঙ্গীর ফটকের একটু সামনে থেকে আবদুল্লাহ আল মামুন (১৯) নামে এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে জানিয়েছে তেজগাঁও থানার পুলিশ। মামুন বিমানবাহিনীতে যোগ দেওয়ার লক্ষ্যে পরীক্ষা দিতে বিমানবাহিনী ভর্তি তথ্যকেন্দ্রে এসেছিলেন। নিহত যুবকের বাবার নাম বিল্লাল হোসেন। তাঁর বাড়ি কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকার আসাননগর গ্রামে।এদিকে বাড্ডা থানাধীন উত্তর সাঁতারকুল থেকে সালমা বেগম (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। স্বামীর সঙ্গে মনোমালিন্যের জের ধরে গত বুধবার সন্ধ্যায় সালমা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। বুধবার রাত ১২টার দিকে তাঁর লাশ উদ্ধার করা হয়। পৃথক ঘটনায় বাড্ডা থানাধীন পদরদিয়া এলাকা থেকে সেলিনা বেগম (১৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তুরাগের ডি ব্লকের ৬ নম্বর সড়কের ২৭ নম্বর বাসা থেকে রেহানা বেগম (২০) নামে আরও এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।