ছাত্র ও যুব অধিকারের ২০ জনের জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহানগর দায়রা জজ আদালত
ফাইল ছবি

মতিঝিল থানায় করা ভাঙচুরের মামলায় ছাত্র অধিকার ও যুব অধিকার সংগঠনের ২০ জন নেতা–কর্মীর জামিন মঞ্জুর করেছেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ আজ রোববার এ আদেশ দেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার ফরিদ আহমেদ।

জামিন পাওয়া ২০ জন হলেন সোহেল আহমদ, শেখ খায়রুল কবির, সবুজ হোসেন, গোলাম তানভীর, ইউনুস, নাজমুল হাসান, নাহিদুল তারেক, মো. নাইম, আসাদুজ্জামান, আজহারুল ইসলাম, সোহেল মৃধা, মোস্তাক আহমেদ, আজিম হোসেন, মো. রুহুল ইসলাম সোহেল, আবদুল্লাহ আল মাহমুদ জিশান, হেমায়েত, ইসমাইল হোসেন, রেজাউল করিম, মুনতাজুল ইসলাম ও কাজী বাহাউদ্দীন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে গত ২৫ মার্চ রাজধানীর মতিঝিল এলাকায় বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছিল।

আসামিপক্ষের আইনজীবী খাদেমুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ মামলায় গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন ধরে ছাত্র অধিকার ও যুব অধিকারের ২০ জন কারাগারে আছেন। আদালত তাঁদের জামিন মঞ্জুর করেছেন।