ছাত্র নয়, ছিনতাইকারী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজনের বয়স ১৩ বছর। আরেকজনের ১৬। দুজন আপন ভাই। এরা ফরিদপুরের বিষ্ণুপুর এলাকার একটি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম ও নবম শ্রেণির ছাত্র। রাজধানীর গুলশানে তাদের এক চাচাতো ভাইয়ের বাসায় ওঠে তারা। গতকাল বিকেলে তারা গুলশানের বারিধারা লেকে ঘুরতে গিয়েছিল। সঙ্গে গুলশান মডেল স্কুলের ছাত্র চাচাতো ভাই আর তার কিশোর বন্ধু।

গতকাল বিকেলে মুঠোফোন ছিনতাইয়ের মামলায় এই চার কিশোরকে গ্রেপ্তার করে গুলশান থানা-পুলিশ।

মামলার বাদী শাহিনুর রহমান প্রথম আলোকে বলেন, বিকেলে বারিধারা এলাকা থেকে তার ছেলে ও ভাগনের মুঠোফোন ছিনতাই হয়। পরে পুলিশ এই চার কিশোরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। খবর পেয়ে থানায় গিয়ে শাহিনুর রহমান দেখেন চার কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি এদের বিরুদ্ধে মামলা করতে অস্বীকৃতি জানান। তিনি পুলিশ কর্মকর্তাদের বলেন, ‘আমি এদের বিরুদ্ধে কোনো মামলা করব না। এদের চেহারা দেখে আমার মায়া হয়।’ কিন্তু পুলিশ মামলা করতে তাঁকে বাধ্য করে।

এ মামলায় জব্দ তালিকার সাক্ষী মনির হোসেন প্রথম আলোকে বলেন, ‘অফিস থেকে বেরিয়ে গুলশান বারিধারা লেক এলাকা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। তখন মানুষের জটলা দেখি। পুলিশ আমার নাম ও মোবাইল নম্বর নেয়। এর বাইরে মোবাইল ছিনতাই ঘটনার কিছুই জানি না।’ 

অন্যদিকে, গ্রেপ্তার হওয়া এক কিশোরের মা প্রথম আলোকে বলেন, ‘এদেরকে ফাঁসানো হয়েছে। এরা ছিনতাইকারী না। সবাই স্কুলের ছাত্র। আমার ছেলেসহ অন্যদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়ার পর আমার স্বামীকে ফোন দেওয়া হয়। থানায় যাওয়ার পর তাদের ছেড়ে দিতে অনেক অনুনয়-বিনয় করি। কিন্তু পুলিশ আমাদেরকে এক লাখ টাকা দিতে বলে। টাকা না দেওয়ায় পুলিশ তাদের রিমান্ড চেয়েছে।’

তবে অভিযোগ অস্বীকার করে এসআই হাবীবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বাদী মামলা করতে চাননি, এটা ঠিক নয়। তিনি নিজে মামলা করেছেন। আর আসামির কাছ থেকে টাকা চাওয়ার কথা সম্পূর্ণ মিথ্যা।’

চার কিশোরকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আল আমিন রিমান্ড আবেদনে বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ছিনতাই পেশার কথা স্বীকার করেছে। তারা দলবদ্ধ হয়ে পরিকল্পিতভাবে ঢাকার বিভিন্ন স্পটে ছিনতাই করে বলে জানা যায়। আসামিরা বিভিন্ন সময় গুলশান-বারিধারা এলাকায় ছিনতাই করে দ্রুত পালিয়ে যায়।’

তবে যোগাযোগ করা হলে পুলিশ কর্মকর্তা আল আমিন প্রথম আলোকে বলেন, ‘আমি এখনো পুরোপুরি তদন্ত করতে পারিনি। আসামিকেও জিজ্ঞাসাবাদ শেষ হয়নি। এজাহার পড়ে যতটুকু জানতে পেরেছি, এরা মোবাইল ছিনতাই করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে। থানায় মামলা হয়েছে।’

তবে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এই চার শিশুর রিমান্ড চাওয়া হয়েছে কি না, তা আমার জানা নেই। আমি তো বলে গিয়েছিলাম রিমান্ড যাতে না চাওয়া হয়।’

বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী বলেন, শিশু আইন অনুযায়ী পুলিশ কোনোভাবেই শিশুদের রিমান্ড চাইতে পারে না। রিমান্ড আবেদন করাটাই বেআইনি হয়েছে।

গতকাল বিকেলে এই চার কিশোরকে হাতকড়া পরিয়ে ঢাকার মহানগর হাকিম সাদবির ইয়াসির আহসান চৌধুরীর আদালতে তোলা হয়। পরে বিচারকের খাসকামরায় রিমান্ড শুনানি হয়। আবেদন নাকচ করে আদালত কিশোরদের কারাগারে পাঠানোর আদেশ দেন। ২০১৩ সালের শিশু আইন অনুযায়ী শিশুদের বিচারের একমাত্র এখতিয়ার শিশু আদালতের। ঢাকার ১ নম্বর অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতকে শিশু আদালত ঘোষণা করা হয়েছে। শিশু আইন অনুযায়ী কোনোভাবেই শিশুকে অন্য অপরাধীর সঙ্গে একসঙ্গে বিচারকাজ পরিচালনা করা যায় না।

গ্রেপ্তার হওয়ার খবর পেয়ে বিকেলে ফরিদপুর থেকে আদালতের হাজতখানার সামনে আসেন ওই কিশোরদের মা। কান্নাজড়িত কণ্ঠে তিনি প্রথম আলোকে বলেন, তাঁর দুই ছেলে ফরিদপুরে লেখাপড়া করে। তারা শিশু। গতকালই তারা ঢাকায় বেড়াতে এসেছে। জীবনে পুলিশ দেখলে ভয় পায়। অথচ পুলিশ তাদের পেশাদার ছিনতাইকারী বলে রিমান্ড চেয়েছে।