ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ভেতর ঢুকে সাধারণ শিক্ষার্থীদের মারধর ও ধরপাকড় করেছে পুলিশ। এ সময় ছাত্রীদেরও মারধর করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ২৬ জনকে আটক করলেও সন্ধ্যা পর্যন্ত মুক্তি পেয়েছেন চারজন। গতকাল রোববার তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা হরতাল চলাকালে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ঘটনার নিন্দা জানিয়ে বলেছে, টিএসসির ভেতর ঢুকে পুলিশের ধরপাকড়ের এমন ঘটনা ন্যক্কারজনক। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল ভোর পাঁচটা থেকে বাম ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা টিএসসি এলাকায় সমবেত হতে থাকেন। সোয়া ছয়টার দিকে তাঁরা মিছিল নিয়ে শাহবাগের দিকে যাওয়ার চেষ্টা করেন। চারুকলা ইনস্টিটিউটের সামনে পুলিশ তাঁদের বাধা দেয়। এ সময় পুলিশের লাঠিপেটায় সাত-আটজন আহত হন। চার ছাত্রীসহ ১৩ জনকে আটক করে পুলিশ। এরপর কর্মীরা টিএসসি মোড়ে অবস্থান নেন। সেখান থেকে সাড়ে আটটার দিকে মিছিল নিয়ে দোয়েল চত্বরের দিকে এগোলে আবারও বাধা দেয় পুলিশ। এ সময় হরতাল সমর্থনকারীদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া হয় পুলিশের। দোয়েল চত্বর থেকে ফিরে এসে রাজু ভাস্কর্যের পাদদেশে শান্তিপূর্ণ সমাবেশ করে অবস্থান নেন তাঁরা। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, সকাল সোয়া ১০টার দিকে টিএসসি মোড়ে হরতালের সমর্থকেরা ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে টানানো একটি ফেস্টুন পুড়িয়ে ফেলে। ওই ফেস্টুনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ছিল। এ ঘটনার পর বেলা ১১টার দিকে ঢাকা মহানগর পুলিশের রমনা অঞ্চলের সহকারী উপকমিশনারের নেতৃত্বে শতাধিক পুলিশ টিএসসির দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে ধেয়ে আসে। এ সময় নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে চলে যান। এ ঘটনার পর পুলিশ টিএসসির ভেতর ঢুকে বিভিন্ন সংগঠনের সাধারণ শিক্ষার্থীদের মারধর ও ধরপাকড় করে। পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের কার্যালয় থেকে সংগঠনের সাবেক সভাপতি রিপন কুমার দাস, সদস্য সেজুঁতি নওরোজ, সোহেল মাহমুদ রানাসহ সাতজনকে আটক করে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুরোধে পুলিশ চলচ্চিত্র সংসদের কর্মীদের ছেড়ে দেয়। রিপন কুমার প্রথম আলোকে বলেন, হঠাৎ পুলিশ এসে তাঁদের আটক করে থানায় নিয়ে যায়। সংসদের সভাপতি সিদ্ধার্থ গোস্বামী বলেন, ‘টিএসসির ভেতর ঢুকে এভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গ্রেপ্তারের ঘটনা আমরা আগে কখনো দেখিনি।’ টিএসসিতে পুলিশ কেন ঢুকল—জানতে চাইলে পুলিশের রমনা জোনের উপকমিশনার কৃষ্ণপদ রায় উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘হরতালের নামে অরাজকতা সৃষ্টির অভিযোগে তাঁদের আটক করা হয়েছে। তবে বিনা অনুমতিতে টিএসসির ভেতর ঢুকে এ ধরনের তল্লাশি পুলিশ চালাতে পারে কি না, জানতে চাইলে তিনি বলেন, অপরাধী খুঁজতে পুলিশ যেকোনো জায়গায় যেতে পারে।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, ‘টিএসসির ভেতর পুলিশ কেন ঢুকল সেটা আমাদের জানা নেই।’