জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের সহজে ইন্টারনেট সেবা দিতে চালু করা হয়েছে সাইবার কেন্দ্র। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনে এই কেন্দ্রের উদ্বোধন করেন উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ। প্রশাসন জানায়, বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সহযোগিতায় এবং বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এই কেন্দ্র চালু করা হয়েছে। ৩০টি কম্পিউটার নিয়ে প্রাথমিকভাবে চালু হওয়া এই সাইবার কেন্দ্রে ছাত্র-শিক্ষকেরা ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এ জন্য প্রতি ঘণ্টায় খরচ করতে হবে পাঁচ টাকা।গতকাল বিকেলে সাইবার কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এখন ইন্টারনেটের মাধ্যমে সর্বশেষ তথ্য, সংবাদ, প্রযুক্তি সহজেই জানতে পারবে। শিগগিরই এই কেন্দ্রের সুযোগ-সুবিধা বাড়ানো হবে।আরও বক্তব্য দেন কোষাধ্যক্ষ শওকত জাহাঙ্গীর, বিজ্ঞান অনুষদের ডিন হাসনা হেনা বেগম, রেজিস্ট্রার ওহিদুজ্জামান, এস এম আনোয়ারা বেগম, রেজাউল করিম প্রমুখ।