রাজনৈতিক প্রভাব ও দলীয়করণের কারণে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদগুলোর নির্বাচন বন্ধ রয়েছে। আর এ কারণে শিক্ষার্থীরা তাঁদের অধিকার হারাচ্ছেন। যোগ্য নেতৃত্ব তৈরি না হওয়ায় ছাত্রনেতারা সঠিকভাবে দিকনির্দেশনা দিতে ব্যর্থ হচ্ছেন। গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর শাখার ৩৫তম সম্মেলনের উদ্বোধনী সমাবেশে বক্তারা এসব কথা বলেন। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য: ‘শিক্ষার অধিকার আদায়ের লড়াইয়ে জ্বলে উঠি চেতনায়, গড়ি আগামীর সংগ্রাম’। অনুষ্ঠানে বাহাত্তরের সংবিধান পুনঃপ্রতিষ্ঠা জাতীয় কমিটির আহ্বায়ক কামাল লোহানী বলেন, ‘সাম্রাজ্যবাদী নগ্ন আগ্রাসনের কারণে মুক্তিযুদ্ধের সময় যে সপ্তম নৌবহর বাংলাদেশে আসতে পারেনি, আজ তা সমুদ্রসীমায় অবস্থানের পাঁয়তারা করছে। সাম্রাজ্যবাদের এই আগ্রাসনকে রুখে দাঁড়াতে হবে।’সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ফেরদৌস আহমেদ শিক্ষার বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক মঞ্জুর মঈন বলেন, ক্যাম্পাসে ক্ষমতাসীন ছাত্রসংগঠনগুলোর দখলদারি, টেন্ডারবাজি, চাঁদাবাজির পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ব্যবসায়িক মনোবৃত্তি সাধারণ মানুষের শিক্ষার অধিকার সংকুচিত করছে। ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর শাখার সভাপতি ম. ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক এস এম শুভ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক পিনাক রায়, কেন্দ্রীয় সহসভাপতি রাশেদুল ইসলামসহ ছাত্র ইউনিয়নের সাবেক ও বর্তমান নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে ঢাকা মহানগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও থানা থেকে আসা ছাত্রছাত্রীদের নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয় ও নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।আজ শুক্রবার সকাল ১০টায় রাজধানীর মৈত্রী মিলনায়তনে ৩৫তম নগর সম্মেলনের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে।