ছাত্র-সেনাসদস্য অপ্রীতিকর ঘটনা তদন্তে সাক্ষ্য গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৭ সালে ছাত্র ও সেনাসদস্যদের মধ্যে সংঘটিত অপ্রীতিকর ঘটনা তদন্তে সংশ্লিষ্ট শিক্ষকদের সাক্ষ্য গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় উপকমিটি। গতকাল বুধবার কমিটি ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাক্ষ্য গ্রহণ করে। সংসদ ভবনে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠান প্রসঙ্গে সংসদীয় কমিটির সভাপতি রাশেদ খান মেনন প্রথম আলোকে বলেন, উপকমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য এস এম এ ফায়েজ ও প্রক্টর আ কা ফিরোজ আহমেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দুলাল চন্দ্র বিশ্বাস (বর্তমানে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের মহাপরিচালক) ও মলয় কুমার ভৌমিক এবং চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শামসুল আলমের সাক্ষ্য গ্রহণ করেছে। মেনন বলেন, কমিটি পরের ধাপেই তৎকালীন শিক্ষা উপদেষ্টা, শিক্ষাসচিব, স্বরাষ্ট্রসচিব, পুলিশ প্রধানসহ (আইজিপি) প্রশাসনের সংশ্লিষ্ট অন্য কর্মকর্তাদের সাক্ষ্য গ্রহণ করবে। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে সংঘটিত এই ঘটনা তদন্ত করে সরকারের কাছে একটি প্রতিবেদন জমা দেওয়া হবে বলে মেনন জানান। এ জন্য উপকমিটি ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট নির্যাতিত শিক্ষক, ছাত্রছাত্রী ও গণমাধ্যম কর্মীদের কাছ থেকে লিখিত মতামত বা সচিত্র প্রতিবেদন সংগ্রহের সিদ্ধান্ত গ্রহণ করেছে।