ছাত্রকে ছুরিকাঘাতের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ বলছে, ছাত্র ও শিক্ষকের পরিবার একই ভবনে থাকে। ছাদে কবতুর পালা নিয়ে তাঁদের মধ্যে দ্বন্দ্ব হয়। এর জেরে এ ঘটনা ঘটেছে। তবে আজ বুধবার পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি।

আহত সিয়াম মিরপুর বাংলা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। আবদুল গাফফার একই শিক্ষাপ্রতিষ্ঠানের বালিকা শাখার জেষ্ঠ্য শিক্ষক বলে জানিয়েছে পুলিশ।
পল্লবী থানা–পুলিশ সূত্রে জানা গেছে, মিরপুর–৬ এলাকার ১৫ নম্বর রোডের একটি সাততলা ভবনে থাকে ওই ছাত্র ও শিক্ষকের পরিবার। সিয়ামের নানির জমির ওপর ভবনটি করেছে একটি আবাসন প্রতিষ্ঠান। ভবনের চারতলায় থাকেন শিক্ষক। সিয়াম তার পরিবারের সঙ্গে থাকে তিনতলায়। ভবনের ছাদে সিয়ামের বাবা কবুতর পালন করেন। শিক্ষকের অভিযোগ, কবুতরের মলের দুর্গন্ধে বাসায় থাকা যায় না।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম প্রথম আলোকে বলেন, আহত শিক্ষার্থীর পরিবারের অভিযোগ, শিক্ষকের ছরিকাঘাতে আহত হয়েছে সিয়াম। তবে ওই শিক্ষক এ ঘটনা অস্বীকার করেছেন। তিনি (ওসি) বলেন, ‘সিয়ামের বাবাকে থানায় ডেকে কথা বলেছি। কিন্তু তিনি মামলা করতে রাজি না।’

অবশ্য সিয়ামের বাবা মো. বিদ্যুৎ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। সেখানে তিনি উল্লেখ করেন, ‘সিঁড়িতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গাফফার সাহেব আমার পরিবারকে গালিগালাজ করেন। আমার ছেলে এ ঘটনার প্রতিবাদ করে। এতে তিনি ক্ষিপ্ত হয়ে আমার ছেলের ওপর ছুরি নিয়ে হামলা করেন।’

ওসি পারভেজ ইসলাম বলেন, শিক্ষকের অভিযোগ, কবুতর পালন করতে মানা করায় সিয়াম তাঁর বাসার দরজায় গিয়ে লাথি মারে ও গালিগালাজ করে। ওই সময় তিনি দরজাই খোলেননি।