ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার, কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরে এক ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাশিক্ষক জাকির হোসেনকে (৪০) গত মঙ্গলবার রাতে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার তাঁকে আদালতের মাধ্যমে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।জাকির হোসেন মিরপুরের মধ্য পাইকপাড়ার মাদ্রাসাতুল আহবাদের শিক্ষক।মিরপুর থানার পুলিশ বলেছে, মাদ্রাসাতুল আহবাদের হাফেজি শাখার এক ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে তার স্বজন ও এলাকাবাসী মঙ্গলবার রাতে ওই মাদ্রাসার শিক্ষক জাকিরকে আটক করে মিরপুর থানায় জানায়। পরে পুলিশ সেখানে গিয়ে আটক শিক্ষককে থানায় নিয়ে আসে। যৌন নিপীড়নের অভিযোগে জাকিরের বিরুদ্ধে রাতেই থানায় মামলা করেন নিপীড়নের শিকার ওই ছাত্রের বাবা। জাকিরকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল দুপুরে মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠান।ওই মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম খান বলেন, জাকির মঙ্গলবার দুপুরে হাফিজি শাখার এক ছাত্রকে মাদ্রাসার একটি কক্ষে নিয়ে যৌন নিপীড়ন করেন। ছাত্রটি বাসায় গিয়ে বিষয়টি তার মা-বাবাকে জানায়। রাতে ওই ছাত্রের অভিভাবক মহল্লাবাসীকে নিয়ে মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তিনি অভিযোগ স্বীকার করেন। ওই শিক্ষক রোববার মাদ্রাসায় একই শাখার অপর এক ছাত্রকে যৌন নিপীড়নের কথা তাঁদের কাছে স্বীকার করেছেন।