ছাত্রত্ব না থাকলেও তিনিই ছাত্রলীগের নেতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নবগঠিত আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করে আন্দোলনে নেমেছেন পদবঞ্চিত নেতা-কর্মীরা। তাঁদের অভিযোগ, নতুন কমিটিতে যাঁকে আহ্বায়ক করা হয়েছে, তিনি ১৯৯৯ সালে জগন্নাথে ভর্তি হলেও লেখাপড়া শেষ করতে পারেননি। ফলে তাঁর শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিকেই আটকে আছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা-কর্মীদের অভিযোগ, যোগ্য নেতা-কর্মী থাকা সত্ত্বেও এমন একজনকে বিশ্ববিদ্যালয় কমিটির আহ্বায়ক করায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। যোগ্য ব্যক্তিদের দিয়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা না হলে ক্যাম্পাস অচল করে দেওয়ারও হুমকি দিয়েছেন তাঁরা। ছাত্রলীগের নতুন কমিটি নিয়ে সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনও নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে। আজ মঙ্গলবার থেকে সব শিক্ষার্থীকে পরিচয়পত্র নিয়ে ক্যাম্পাসে ঢুকতে নোটিশ জারি করেছেন রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান। বিষয়টি নিশ্চিত করে ভারপ্রাপ্ত প্রক্টর অশোক কুমার সাহা প্রথম আলোকে বলেন, সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সূত্র জানায়, গত বছরের ২১ ডিসেম্বর দুই পক্ষের সংঘর্ষের পর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে সংগঠনের কেন্দ্রীয় কমিটি। সাড়ে ছয় মাস পর গত বৃহস্পতিবার রাতে আট সদস্যের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে সাইফুল ইসলাম আকন্দকে আহ্বায়ক করা হয়।নতুন এই কমিটি ঘোষণার পর শুক্রবার থেকেই আন্দোলনে নামেন পদবঞ্চিত নেতারা। কমিটির সদস্যদের ক্যাম্পাসে প্রবেশ ঠেকাতে পালাক্রমে পাহারাও দিচ্ছেন তাঁরা। প্রত্যাশিত পদ না পাওয়ায় বঞ্চিত নেতাদের সঙ্গে যোগ দিয়েছেন দুই যুগ্ম আহ্বায়ক খন্দকার আরিফুজ্জামান ও ওমর ফারুক। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল সোয়া ১০টায় নতুন কমিটির দাবিতে ছাত্রলীগের পদবঞ্চিত শতাধিক নেতা-কর্মী বিক্ষোভ মিছিল বের করেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এক সমাবেশে বক্তব্য দেন ক্যামেল হোসেন, ইমরান সালেহ, মাসুদ রানা, আইয়ূব হোসেন, নাজমুল হাসান, জহির উদ্দিন প্রমুখ। বক্তারা এ সময় বলেন, সাত-আট বছর রাজনীতি করা ত্যাগী নেতাদের অনেকেরই এই কমিটিতে জায়গা হয়নি। অযোগ্য ব্যক্তিদের দিয়ে কমিটি করায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। সমাবেশে পদবঞ্চিত নেতারা আহ্বায়ক সাইফুল ও যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিনকে অবাঞ্ছিত ঘোষণা করেন। আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করা না পর্যন্ত আন্দোলনের হুমকিও দেন তাঁরা। পরে নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদের সঙ্গে দেখা করেন। উপাচার্যকে তাঁরা জানান, নতুন কমিটির সদস্যরা ক্যাম্পাসে প্রবেশ করলে প্রতিহত করা হবে। তবে যুগ্ম আহ্বায়ক খন্দকার আরিফুজ্জামান অভিযোগ করেছেন, একজন অছাত্রকে প্রধান করায় এই কমিটি কেউ মেনে নেবেন না। এতে কেবল সংকটই বাড়বে। এসব বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম আকন্দ প্রথম আলোকে বলেন, কেন্দ্রীয় কমিটি যাচাই-বাছাই করেই সিদ্ধান্ত নিয়েছে। স্বার্থে আঘাত লাগায় কেউ কেউ উল্টাপাল্টা কথা ছড়াচ্ছেন। তবে তিনি স্বীকার করেন, ১৯৯৯-২০০০ সালে প্রাণিবিজ্ঞান বিভাগে ভর্তি হলেও অনার্স (সম্মান) পাস করতে পারেননি। তবে নিজেকে এখন তিনি বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেন্টারের ডিপ্লোমা কোর্সের ছাত্র দাবি করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেজবাহউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘ল্যাঙ্গুয়েজ সেন্টারে উচ্চমাধ্যমিক পাস করে যে কেউ ভর্তি হতে পারে। কিন্তু এখানকার কাউকে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ছাত্র বলা যাবে না।