ছাত্রদল নেতাদের ফুল দিয়ে বরণ করল ছাত্রলীগ
ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলার পর এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আচরণে দেখা গেল ভিন্ন চিত্র। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ফয়সাল আহমেদ, সাধারণ সম্পাদক ওমর ফারুকসহ কমিটির চারজন সদস্য ক্যাম্পাসে যান। প্রথমেই তাঁরা বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলায় গিয়ে ছাত্রদলের কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে ফয়সাল আহমেদের নেতৃত্বে ছাত্রদলের ৮-১০ জন নেতা-কর্মী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এসে ক্যাম্পাস শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক খন্দকার আরিফুজ্জামান, রফিকুল ইসলাম ও ওমর ফারুককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ছাত্রলীগের নেতারাও তাঁদের ফুল দিয়ে বরণ করেন। পরে সেখানে উপস্থিত ছাত্রদল ও ছাত্রলীগের কর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। পরে রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান ও ট্রেজারার সেলিম ভূঁইয়াসহ প্রশাসনের অন্য কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সাক্ষাৎ করেন ছাত্রদলের নেতারা।পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন ছাত্রদলের নেতারা। মতবিনিময় সভায় ছাত্রদলের সভাপতি ফয়সাল আহমেদ বলেন, ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ বজায় রাখতে ছাত্রদল নিরলসভাবে কাজ করে যাবে। সভায় বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি সোলাইমান সালমান, সাধারণ সম্পাদক জসিম রেজা, সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি অলিউল্লা খান সোহরাবসহ অন্যরা উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম বলেন, ক্যাম্পাস শাখা ছাত্রদলের নতুন কমিটির নেতা-কর্মীরা গতকাল তাঁদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাঁদের কাজে ছাত্রলীগের কোনো কর্মী বাধা দেননি বলে জানান তিনি।৪ সেপ্টেম্বর ফয়সাল আহমেদকে সভাপতি ও ওমর ফারুককে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।