ছাত্রদলের এক পক্ষের হামলায় প্রতিপক্ষের আটজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজের ডা. ফজলে রাব্বী হলে গতকাল মঙ্গলবার জাতীয়তাবাদী ছাত্রদলের এক পক্ষের হামলায় প্রতিপক্ষের আটজন আহত হয়েছেন। কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক পক্ষ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সভাপতির পক্ষের ওপর এই হামলা চালায়।কলেজ সূত্র জানায়, ভোর চারটার দিকে কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল হাসান ও কর্মী সুমনের নেতৃত্বে ১০-১২ জন প্রথমে ফজলে রাব্বী হলে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল মামুনের পক্ষের কয়েকজন নেতা-কর্মীর কক্ষ ভাঙচুর করেন। পরে তাঁরা সভাপতি পক্ষের নেতা-কর্মীদের ওপর হামলা চালান। এতে সভাপতি পক্ষের ইশতিয়াক, পরাগ, সুমন কুমার নাথ, মঞ্জুর, মিজান, নিশাত, হাশেমী ও সোহাগ আহত হন। পরে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।কলেজ শাখা ছাত্রদলের সভাপতি বলেন, ‘আধিপত্য বিস্তারের জন্য রড, চাপাতি, হকিস্টিক ও লাঠিসোঁটা নিয়ে ঘুমিয়ে থাকা কর্মীদের ওপর এ হামলা চালানো হয়েছে। হামলাকারীদের মধ্যে কয়েকজন বহিরাগতও ছিল। এ ব্যাপারে আমরা আইনগত ব্যবস্থা নেব।’সভাপতির অভিযোগের ব্যাপারে জানতে চাইলে আরিফুল হাসান বলেন, ‘সভাপতি পক্ষের কর্মীরা গত সোমবার আমার কয়েকজন কর্মীর ওপর হামলা করেছিল। এ ব্যাপারে থানায় মামলাও হয়েছে। গতকাল ভোরে তাঁরা আবারও হামলার প্রস্তুতি নেন। এতে দুই পক্ষে সংঘর্ষ হয়েছে।’