পূর্বশত্রুতার জের ধরে জাতীয়তাবাদী ছাত্রদলের এক কর্মীকে মারধর করেছেন ছাত্রলীগের কর্মীরা। গতকাল মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই ঘটনা ঘটে। সূত্র জানায়, গতকাল দুপুর দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের পেছনে পূর্বশত্রুতার জের ধরে ছাত্রদলের কর্মী জুয়েল মৃধার ওপর হামলা চালায় ছাত্রলীগের কয়েকজন কর্মী। রড ও লাঠি দিয়ে ছাত্রলীগ কর্মীরা বেদম প্রহার করলে মাথায় আঘাত পান জুয়েল। তাঁকে গুরুতর অবস্থায় স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক গোলাম মাওলা শাহীন বলেন, ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে এবং ছাত্রদলের কর্মীদের হটাতে ছাত্রলীগ কর্মীরা এ ঘটনা ঘটিয়েছে। ছাত্রদল যথাসময়ে এর জবাব দেবে। প্রক্টর কাজী আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, ঘটনাটি শুনেছি। তবে কেউ মৌখিক বা লিখিত অভিযোগ করেনি। প্রশাসন এ ব্যাপারে ব্যবস্থা নেবে।