ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন কমিটি বাতিলের দাবিতে ছাত্রদলের বিদ্রোহী নেতাদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। গতকাল রোববারও ছাত্রদলের কয়েক শ নেতা-কর্মী ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দফায় দফায় মিছিল-সমাবেশ করেন। মিছিল শেষে তাঁরা ডাকসু কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হন। সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ফজলুল হক মিলনের কুশপুত্তলিকা সেখানে দাহ করা হয়। সমাবেশে নেতারা অভিযোগ করেন, সুপারিশকৃত কমিটিতে জালিয়াতির মাধ্যমে মোট ২৭ জন নেতাকে বাদ দিয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছে উপস্থাপন করা হয়েছে। আর এর পরিবর্তে নতুন করে ১৭ জনকে অন্তর্ভুক্ত করা হয়। বাকি ১০টি পদ ঘোষণা করা হয়নি, যার মধ্যে চারটিই সম্পাদক। ছাত্রদলের বিক্ষুব্ধ নেতারা আরও বলেন, বিএনপির চেয়ারপারসনের অনুমোদনের জন্য তৈরি খসড়ার প্রতিটি পাতায় অনুমোদনের স্বাক্ষর থাকার কথা; কিন্তু বিজ্ঞপ্তির মাধ্যমে পাঠানো তালিকায় সেটি নেই। এ ছাড়া একই ব্যক্তিকে একাধিক পদ দেওয়ার মতো ঘটনা পর্যন্ত ঘটেছে।সমাবেশে সভাপতিত্ব করেন সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল হালিম। এ ঘটনায় বিক্ষুব্ধ নেতারা বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সহসভাপতি, যুগ্ম সম্পাদক এবং তারেক রহমানের ঘনিষ্ঠজনদের কাছে এ বিষয়ে নালিশ করছেন। গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে পরিবেশ পরিবর্তনসংক্রান্ত এক আলোচনায় যোগ দেন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুই শতাধিক নেতা-কর্মী তাঁকে সিনেট ভবনে স্বাগত জানান। সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে আলোচনা শেষে ফেরার পথে নেতা-কর্মীরা কমিটি নিয়ে সৃষ্ট জটিলতা তাঁকে অবহিত করেন।