ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ডাকা দুই দিনের ধর্মঘটের প্রথম দিনে গতকাল শনিবার ক্যাম্পাসের পরিস্থিতি ছিল শান্ত ও স্বাভাবিক। শিক্ষার্থীরা পূর্বনির্ধারিত পরীক্ষায় অংশ নিয়েছেন। ক্লাস না হলেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল অন্যদিনের মতোই। ধর্মঘটের সমর্থনে সকালে ছাত্রদলের সমর্থকেরা আজিজ সুপার মার্কেট ও দোয়েল চত্বর এলাকায় জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় সংগঠনের তিন কর্মীকে আটক করে পুলিশ। রাজধানীর বিভিন্ন জায়গায় ছাত্রদলের কর্মীরা বিশ্ববিদ্যালয়ের ছয়টি বাস ভাঙচুর করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ছাত্রীহলের নাম খালেদা জিয়ার পরিবর্তে সুফিয়া কামালের নামে রাখার সিদ্ধান্তে ছাত্রদল শনি ও রোববার এ ধর্মঘটের ডাক দেয়। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, ধর্মঘটের সমর্থনে সকাল নয়টার দিকে ছাত্রদলের নেতা-কর্মীরা শাহবাগের আজিজ সুপার মার্কেটে জড়ো হন। সেখান থেকে পুলিশ রোকনুজ্জামান ও রিপন নামের ছাত্রদলের দুই কর্মীকে আটক করে। অন্যদিকে, শিক্ষা ভবনের সামনে থেকে ছাত্রদল মিছিল নিয়ে দোয়েল চত্বরে হয়ে ক্যাম্পাসে ঢুকতে চাইলে পুলিশ ধাওয়া করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। সেখান থেকে আরিফুল ইসলাম নামের একজনকে আটক করে পুলিশ। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বলেন, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করার অভিযোগে এদের আটক করা হয়েছে। তবে তাঁদের বিরুদ্ধে কোনো মামলা হয়নি। বিশ্ববিদ্যালয়ে প্রক্টর কে এম সাইফুল ইসলাম খান জানান, সকাল নয়টার দিকে অর্থনীতি বিভাগের সামনে কয়েকজন অজ্ঞাতনামা যুবক এক ঝাড়ুদারকে মারধর করে। এরপর তারা বিভাগের চেয়ারম্যানের কক্ষে (কক্ষ নং-৩০৭৪) তালা লাগিয়ে চলে যায়। পরে প্রক্টরিয়াল টিম গিয়ে তালাটি খুলে দেয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেছে। এদিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থাপকের কার্যালয় সূত্রে জানা যায়, রাজধানীর দয়াগঞ্জ, স্বামীবাগ ও কাজলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব চারটি এবং শিক্ষার্থীদের জন্য ভাড়ায় চালিত বিআরটিসির দুটি বাস ভাঙচুর করা হয়েছে। এ কারণে বাস চলাচল সাময়িক বন্ধ রাখা হয়। পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, ২০টি বিভাগের পরীক্ষা হয়েছে। অধিভুক্ত মেডিকেল কলেজের পরীক্ষাও চলছে।