ছাত্রদলের মিছিলে পুলিশের লাঠিপেটা চারজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতিসহ বন্দী নেতা-কর্মীদের মুক্তির দাবিতে মিছিলে পুলিশের লাঠিপেটায় সংগঠনের চারজন নেতা-কর্মী আহত হয়েছেন।গতকাল শনিবার রাজধানীর শাহবাগে পুলিশের লাঠিপেটায় ছাত্রদলের মিছিলটি পণ্ড হয়ে যায়।ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাহউদ্দিনসহ বন্দী নেতাদের মুক্তির দাবিতে গতকাল সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ছিল। প্রত্যক্ষদর্শী ও ছাত্রদল সূত্রে জানা গেছে, বেলা ১১টার আগেই নেতা-কর্মীরা ভারপ্রাপ্ত সভাপতি শহীদুল ইসলামের নেতৃত্বে শাহবাগ এলাকায় জড়ো হন। এরপর তাঁরা ক্যাম্পাসে প্রবেশ করতে চাইলে পুলিশ তাঁদের বাধা দেয় এবং একপর্যায়ে লাঠিপেটা করে।ছাত্রদলের নেতাদের অভিযোগ, শাহবাগে পুলিশের লাঠিপেটায় সংগঠনের তেজগাঁও কলেজ শাখার সভাপতি মিজানুর রহমান রাজ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কর্মী তুষার, সুমন ও সিদ্ধার্থ আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের দুই কর্মীকে আটক করলেও পরে ছেড়ে দেয়।পরে নেতা-কর্মীরা নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে জড়ো হয়ে দুপুর ১২টায় বিক্ষোভ মিছিল বের করে। বিজয়নগর মোড় থেকে ফকিরাপুল হয়ে মিছিলটি কেন্দ্রীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়।সমাবেশে ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল ইসলাম অভিযোগ করেন, শাহবাগে পুলিশের লাঠিপেটার ঘটনায় ছাত্রদলের ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ছাত্রদলের ওপর লাঠিপেটার কথা অস্বীকার করেছেন।ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার, যুগ্ম সম্পাদক আনোয়ারুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সম্পাদক এস এম ওবায়দুল হক, সদস্য সাইদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মী রোকনুজ্জামান, আরিফুল ইসলাম ও রিপন বর্তমানে কারাগারে আছেন।