ছাত্রদলের সভাপতিসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনশৃঙ্খলা বিঘ্নের অভিযোগে দ্রুত বিচার আইনে রাজধানীর ধানমন্ডি থানায় করা একটি মামলায় ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন ওরফে টুকুসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। গতকাল সোমবার ঢাকার মহানগর হাকিম জয়নাব বেগম আসামিদের বিরুদ্ধে এই অভিযোগ গঠন করে আগামী ৩ মে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।অভিযোগ গঠনের শুনানিকালে ১১ জন আসামি আদালতে উপস্থিত ছিলেন। এ সময় তাঁরা নিজেদের নির্দোষ দাবি করেন। মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ১৪ নভেম্বর বিরোধী দল বিএনপির ডাকা হরতালের সময় ধানমন্ডির স্টার কাবাব হোটেলের সামনে আসামিরা গাড়ি ভাঙচুর করে জনমনে ভীতির সৃষ্টি করেন। এ সময় ট্রাফিক সার্জেন্ট আবুল বাশার আকন্দকে মারধর এবং তাঁর মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ ঘটনায় ওই সার্জেন্ট বাদী হয়ে এই মামলা করেন।