ছাত্রদের আন্দোলনের মুখে সিদ্ধান্ত পরিবর্তনের আশ্বাস উপাচার্যের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরীক্ষায় অংশগ্রহণের জন্য ক্লাসে কম উপস্থিতির (নন-কলেজিয়েট) ক্ষেত্রে জরিমানা পাঁচ গুণ বৃদ্ধির সিদ্ধান্ত পরিবর্তনের আশ্বাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে গতকালও শিক্ষার্থীরা আন্দোলন অব্যাহত রাখলে তিনি এ আশ্বাস দেন। দাবি আদায়ে শিক্ষার্থীরা গতকাল উপাচার্য বরাবর স্মারকলিপি পেশ এবং ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। বিভিন্ন বিভাগের পাঁচ শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেন। এর আগে একই দাবিতে গত সোমবারও শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। গতকাল বেলা ১১টায় অপরাজেয় বাংলার পাদদেশে সমবেত হয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। স্মারকলিপিতে উল্লিখিত দাবিগুলো হচ্ছে—ক্লাসে উপস্থিতি ৬০ শতাংশ না হলেও পরীক্ষা দেওয়ার সুযোগ দিতে হবে; উপস্থিতির জন্য নম্বর থাকবে কিন্তু কোনো আর্থিক জরিমানা থাকবে না; সিন্ডিকেটের সিদ্ধান্তের সময় ছাত্রপ্রতিনিধিদের রাখতে হবে এবং নামে-বেনামে বেতন-ফি বৃদ্ধি করা যাবে না।পরে উপাচার্য সাংবাদিকদের বলেন, যেহেতু সিদ্ধান্তটি একাডেমিক কাউন্সিলের মাধ্যমে নেওয়া হয়েছিল, তাই এ সংক্রান্ত সাধারণ শিক্ষার্থীদের দাবিগুলোও একাডেমিক কাউন্সিলের মাধ্যমেই পূরণ করতে হবে। যত দ্রুত সম্ভব এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।গত ৭ আগস্ট বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, কোনো শিক্ষার্থীর ক্লাসে উপস্থিতির হার ৬০ শতাংশের নিচে হলে তিনি পরীক্ষায় অংশ নিতে পারবেন না। আর উপস্থিতির হার ৭৫ শতাংশের কম হলে, অর্থাৎ শতকরা ৬০ থেকে ৭৪ শতাংশ হলে পাঁচ হাজার টাকা জরিমানা দিয়ে পরীক্ষায় অংশ নিতে হবে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে নন-কলেজিয়েট ফি সর্বোচ্চ এক হাজার টাকা।