ছাত্রদের গাড়ি ভাঙচুর, পুলিশের সঙ্গে সংঘর্ষ
বাস থেকে পড়ে ছাত্র আহত হওয়াকে কেন্দ্র করে গতকাল রোববার রাজধানীর মানিকনগরে বেসরকারি বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (বিআইইউ) ছাত্ররা রাস্তা অবরোধ ও কয়েকটি বাস ভাঙচুর করেন। এ সময় পুলিশের সঙ্গে ছাত্রদের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।ছাত্র ও পুলিশ জানায়, গতকাল সকালে রাজধানীর রামপুরা থেকে মানিকনগরের বিআইইউ ক্যাম্পাসে যাওয়ার জন্য দুজন ছাত্র ছালছাবিল পরিবহনের বাসে ওঠার সময় তাঁদেরকে চালকের সহকারী ধাক্কা মেরে ফেলে দেন। এতে ব্যবসায় প্রশাসন বিভাগের ছাত্র সারোয়ার আহত হন। এ খবর বিআইইউর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ ছাত্ররা বেলা সাড়ে ১১টার দিকে ছালছাবিল পরিবহনের কয়েকটি বাস ভাঙচুর করেন। একপর্যায়ে পুলিশের সঙ্গে ছাত্রদের সংঘর্ষ বেধে যায়। দুপুর সাড়ে ১২টার দিকে বিআইইউর শিক্ষক ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।বিশ্ববিদ্যালয়ের ভর্তি শাখার প্রধান শামসুর রহমান সাংবাদিকদের বলেন, অন্তত ৩০ জন ছাত্রকে পুলিশ আটক করেছে।যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম বলেন, ছাত্ররা চারটি বাস ভাঙচুর করেছেন। এ কারণে ঘটনাস্থল থেকে ৮-১০ জনকে আটক করা হলেও চারজনকে রেখে বাকিদের ছেড়ে দেওয়া হয়েছে।