ছাত্ররাজনীতি থেকে অস্থিতিশীলতা দূর করে অতীত ঐতিহ্যের ধারায় ফিরিয়ে আনতে ছাত্রদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে ছাত্রমৈত্রী। ধর্মভিত্তিক রাজনীতি আইন করে নিষিদ্ধ করারও দাবি জানিয়েছে তারা।গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে পঞ্চদশ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান ও দাবি জানান সংগঠনটির নেতারা। ‘শিক্ষাঙ্গনে সন্ত্রাস, দখলদারিত্ব, মৌলবাদী অপতত্পরতা রুখো; একই পদ্ধতির বিজ্ঞানভিত্তিক অসাম্প্রদায়িক গণমুখী শিক্ষানীতি বাস্তবায়ন করো’ স্লোগান সামনে রেখে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।সকালে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। এর আগে বিভিন্ন জেলা থেকে সংগঠনের কর্মীরা এসে জড়ো হন অনুষ্ঠানস্থলে।উদ্বোধনী বক্তব্যে রাশেদ খান মেনন বলেন, ’৫২, ’৬২, ’৭১-সহ দেশের প্রতিটি আন্দোলনে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে। কিন্তু সন্ত্রাস, মৌলবাদ ও দুর্নীতির আগ্রাসনে ছাত্রসমাজ নষ্ট হয়ে যাওয়ায় শিক্ষাঙ্গনগুলোতে শুরু হয়েছে নৈরাজ্য। মেধাবী শিক্ষার্থীরা সম্পৃক্ত না হওয়ায় ছাত্ররাজনীতি হয়ে পড়ছে মেধাশূন্য। রাজনীতিকে পঙ্কিলতা থেকে মুক্ত করে ভবিষ্যতের সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণসমাজকে সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম বলেন, শিক্ষাঙ্গনে মৌলবাদী সংগঠনগুলো তাদের অপতত্পরতা শুরু করেছে। স্বাধীনতাবিরোধী চক্রটির নৃশংসতার শিকার হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা।সমাবেশ শেষে অপরাজেয় বাংলা থেকে একটি শোভাযাত্রা বের হয়। বিকেলে রাজু ভাস্কর্যের সামনে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। তিন দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ বিকেল চারটায় টিএসসিতে আলোচনা সভা ও আগামীকাল কাউন্সিল অনুষ্ঠিত হবে।