ছাত্ররাজনীতির দুর্দশা দূর করতে চাই ডাকসু নির্বাচন
ছাত্ররাজনীতিকে টেন্ডারবাজি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের থাবা থেকে রক্ষা করতে প্রয়োজন ডাকসু নির্বাচন। এর মধ্য দিয়ে গণতান্ত্রিক ছাত্ররাজনীতি গড়ে তুলতে পারলেই এর দুর্দশা কমবে।গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিন চত্বরে তিরাশির স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে আয়োজিত সভায় স্বৈরাচারবিরোধী আন্দোলনের ছাত্রনেতারা এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে।ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সক্রিয় বাম ছাত্রসংগঠনগুলো সংহতি প্রকাশ করে এ সভায় অংশ নেয়।সভায় প্রাক্তন ছাত্রনেতারা আরও বলেন, স্বাধীনতার পূর্ব ও পরবর্তী সময়ে ছাত্ররাজনীতি ছিল ছাত্রদের কল্যাণ ও দেশের স্বার্থে। কিন্তু এখন ছাত্ররাজনীতি বলতে সাধারণ মানুষ হল দখল, সিট দখল আর টেন্ডারবাজিকে বোঝে। রাজনীতির অবক্ষয়ের ফলেই এমন হচ্ছে বলে মন্তব্য করেন তাঁরা।ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল হকের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন নাজমুল হক প্রধান, মোশতাক হোসেন, আবদুল আলিম, মনির উদ্দিন, জহির উদ্দিন প্রমুখ।