ছাত্রলীগ নেতাকে নিয়ে ‘ইতিবাচক’ সংবাদ না করায় ঢাবিতে সাংবাদিককে মারধরের অভিযোগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রলীগের সভাপতিকে নিয়ে ‘ইতিবাচক’ সংবাদ প্রকাশ না করায় এক সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে। এ নিয়ে ছাত্রলীগের এক কর্মীর বিরুদ্ধে প্রভোস্টের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তবে অভিযুক্ত পক্ষের দাবি, ‘তর্কাতর্কি’ হয়েছে, মারধর করা হয়নি।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকেলে স্যার এ এফ রহমান হলের ১১৫ নম্বর কক্ষে ওই মারধরের ঘটনা ঘটে। অভিযোগকারী রিফাত হক একটি অনলাইন পোর্টালের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক এবং বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তাঁকে মারধরে অভিযুক্ত ছাত্রলীগ কর্মী ফারহান তানভীর ওরফে নাসিফ ভাষাবিজ্ঞান বিভাগে একই বর্ষে অধ্যয়নরত।
অভিযুক্ত ছাত্রলীগ কর্মী ও ওই সাংবাদিক একই সঙ্গে এ এফ রহমান হলের ১১৫ নম্বর কক্ষে থাকেন। কক্ষটি হল শাখা ছাত্রলীগের সভাপতি রিয়াজুল ইসলামের নিয়ন্ত্রণে। এই হলের ১০৪টি কক্ষের প্রায় সবই হল শাখা ছাত্রলীগের দুই পক্ষের নিয়ন্ত্রণে। মূলত এসব কক্ষে কারা থাকতে পারবেন, তা ঠিক করেন ছাত্রলীগের নেতারাই। ওই সাংবাদিকও ‘বাধ্য হয়েই’ রিয়াজুলের পক্ষের মাধ্যমে কক্ষটিতে থাকেন। রিয়াজুল ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খানের অনুসারী।
সাংবাদিক রিফাত হক প্রথম আলোর কাছে অভিযোগ করে বলেন, গত সোমবার (১১ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মোহাম্মদ মোর্তজা চিকিৎসাকেন্দ্রে এক ছাত্রের অনশন ভাঙাতে যান উপাচার্য মো. আখতারুজ্জামান। এ সময় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খানও উপাচার্যের সঙ্গে ছিলেন। এই ঘটনায় তাঁর (রিফাত) নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদে কেন আল নাহিয়ান খানকে ‘হাইলাইট’ করা হয়নি, এ নিয়ে সেদিন ফারহান তাঁর সঙ্গে তর্ক জুড়ে দেন। তবে তা বেশি দূর গড়ায়নি। এরপর বুধবার হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুনায়েম শাহরিয়ারের একটি মতামতধর্মী লেখা তাঁর (রিফাত) নিউজ পোর্টালে প্রকাশিত হয়। এ নিয়ে বৃহস্পতিবার বিকেলে কক্ষে তাঁকে ‘জেরা’ করতে থাকেন ফারহান।
রিফাত হকের ভাষ্য, ‘ফারহান আমাকে বলে, “তুই রিয়াজুল ইসলাম ভাইয়ের (সভাপতি) গ্রুপে থাকিস আর নিউজ ও লেখা প্রকাশ করিস অন্য গ্রুপের (সাধারণ সম্পাদক) নেতার। নিজের গ্রুপের নেতাকে (রিয়াজুল ইসলাম) নিয়ে কোনো ইতিবাচক নিউজ করিস না”একপর্যায়ে সে আমাকে বলে, “তুই আমার জুনিয়র হলে লাথি মেরে হল থেকে বের করে দিতাম।” আমি এই কথার প্রতিবাদ করলে ফারহান আমার তলপেটে লাথি দেয়। সে আমার বুক আর মুখে উপর্যুপরি ঘুষিও মারে।’
অভিযুক্ত ফারহান তানভীর প্রথম আলোকে বলেন, ‘রিফাতের সঙ্গে আমার রাজনীতি নিয়ে টুকটাক কথা হয়েছে। তাঁকে কোনো মারধর করিনি। অনেক কিছু অতিরঞ্জিত করে বলা হচ্ছে। এসব বলার পেছনে হয়তো রিফাতের কোনো রাজনৈতিক প্রতিহিংসা আছে।’
হল শাখা ছাত্রলীগের সভাপতি রিয়াজুল ইসলামও দাবি করেন, রিফাতের সঙ্গে ফারহানের তর্কাতর্কি হলেও কোনো মারধরের ঘটনা ঘটেনি। তিনি প্রথম আলোকে বলেন, ‘রিফাত ও ফারহান- দুজনকেই ডেকে কথা বলেছি। আমি জানতে পেরেছি, তর্কাতর্কি হলেও রিফাতকে কোনো মারধর করা হয়নি। রিফাত ও ফারহানকে আমি মিলিয়ে দিয়েছি।’
এ ঘটনায় বিচার চেয়ে বৃহস্পতিবার রাতে স্যার এ এফ রহমান হলের প্রাধ্যক্ষ কে এম সাইফুল ইসলাম খানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন রিফাত হক। প্রাধ্যক্ষ বলেন, তিনি লিখিত অভিযোগটি পেয়েছেন। অবিলম্বে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।