ছাত্রলীগ নেতাকে হল থেকে বের করল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধভাবে হলে থাকার অভিযোগে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি রেজা সেকান্দারকে গতকাল মঙ্গলবার এ এফ রহমান হল থেকে বের করে দিয়েছে পুলিশ। হল কর্তৃপক্ষের নির্দেশে শাহবাগ থানার পুলিশ তাঁকে থানায় নিয়ে যায়। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়।প্রাধ্যক্ষসহ তিনজন শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগে গত ২৬ জানুয়ারি হল কর্তৃপক্ষ রেজা সেকান্দারসহ চার ছাত্রলীগ নেতা-কর্মীকে হলে নিষিদ্ধ ঘোষণা করে এবং তাঁর ২০৫ নম্বর কক্ষটি সিলগালা করে দেয়। হলের প্রাধ্যক্ষ আজিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘রেজা সেকান্দার মঙ্গলবার সকাল ১১টায় জিনিসপত্র নিয়ে যাওয়ার কথা বলে হলে আসে। ফলে সিলগালা করে রাখা ২০৫ নম্বর কক্ষটি খুলে দেওয়া হয়। কিন্তু কক্ষে প্রবেশের পরপরই বেঁকে বসেন তিনি। নিজের চিঠিপত্র হারিয়ে গেছে দাবি করে কক্ষ ছাড়বেন না বলে জানিয়ে দেন তিনি। এরপর শাহবাগ থানার পুলিশের কাছে জিনিসপত্রসহ তাঁকে সোপর্দ করা হয়।তবে রেজা সেকান্দার নিজেকে হলের বৈধ ছাত্র দাবি করে বলেন, বিসিএস পরীক্ষাসহ কিছু ব্যাংকের পরীক্ষা দেওয়ার জন্য প্রবেশপত্র হলের ঠিকানায় আসার কথা ছিল। কিন্তু কক্ষে সেগুলো না পেয়ে প্রাধ্যক্ষের কাছে সন্ধ্যা পর্যন্ত সময় চাইলে তিনি তা দিতে রাজি হননি।শাহবাগ থানার ভারপ্রপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম বলেন, কর্তৃপক্ষের নির্দেশে তাঁকে হল থেকে বের করে আনা হয়।