ভর্তি-বাণিজ্য, হল দখল ও টেন্ডারবাজির কারণে সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক ডিগ্রি কলেজ অচল হয়ে পড়েছে। এসব কাজের সঙ্গে ছাত্রলীগ কলেজ শাখা ও সদ্যবিলুপ্ত কলেজ ছাত্রসংসদের নেতাদের সংশ্লিষ্ট থাকার অভিযোগ রয়েছে। এই নেতারাই গত সপ্তাহে কলেজে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় নেতৃত্ব দিয়েছেন। গত বৃহস্পতিবার ছাত্রসংসদের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে শিক্ষা কার্যক্রম এখন অনির্দিষ্টকালের জন্য বন্ধ। দুর্নীতিবিরোধী সচেতন ছাত্রসমাজ নামে সাধারণ ছাত্রদের একটি মোর্চা ক্যাম্পাসসহ বিভিন্ন জায়গায় কলেজে ছাত্রনেতাদের দৌরাত্ম্য সম্পর্কে একটি চিঠি সরবরাহ করেছে। এতে উল্লেখ করা হয়, ছাত্রলীগের সভাপতি এ এইচ এম কামরুজ্জামান ও ছাত্রসংসদের সহসভাপতি মামুন হোসেন ওরফে অনাদী ২০০৯, ২০১০ ও ২০১১ ব্যাচের ভর্তি অপেক্ষমাণ তালিকা ছিঁড়ে ফেলেছেন। তাঁদের বিরুদ্ধে টাকা নিয়ে ছাত্র ভর্তি এবং ছাত্রীদের হোস্টেলে জোর করে ছাত্রদের তুলে টাকা আদায়ের অভিযোগ তোলা হয়। স্থানীয় সাংসদ কামাল আহমেদ মজুমদার প্রথম আলোকে বলেন, ‘আমি স্থানীয় আওয়ামী লীগের সভাপতির মেয়েকে ভর্তির সুপারিশ করেছিলাম। অপেক্ষমাণদের তালিকায় তার স্থান ছিল প্রথম। ছাত্রসংসদের কয়েকজন নেতা সেই মেয়েটির কাছ থেকেও চাঁদা নিয়েছে।’ তিনি বলেন, ‘খাওয়া-দাওয়ার বেলায় বিএনপি-জামায়াত-আওয়ামী লীগ সব সমান।’ অনুসন্ধানে জানা যায়, সবশেষ কলেজে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ছাত্রসংসদ ও ছাত্রলীগের নেতারা যুক্ত ছিলেন। সাত দফা দাবি বাস্তবায়ন কমিটি নামে নেতারা একটি কমিটি গঠন করেন। এর আহ্বায়ক ছিলেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি এ এইচ এম কামরুজ্জামান সুমন এবং সদস্যসচিব ছিলেন ছাত্রসংসদের ভিপি মামুন হোসেন অনাদী। ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. তৈয়েবুর রহমান (আয়ুর্বেদিক) ভাঙচুরের ঘটনায় ছাত্রনেতাদের যুক্ত থাকার কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, ছাত্রসংসদের কার্যক্রম বন্ধ করা হয়েছে, ছাত্রী হল থেকে ছাত্রদের চলে যেতে বলা হয়েছে।গত শনি, রবি ও সোমবার কলেজ ক্যাম্পাসে প্রায় ৩০ লাখ টাকার সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগে কাফরুল থানায় মামলা হয়। ওই মামলায় ছাত্রলীগ কলেজ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম রানাসহ ৫০-৬০ জনের বিরুদ্ধে অভিযোগ করেছে কলেজ কর্তৃপক্ষ। ১৯৮৯ সালে সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক ডিগ্রি কলেজ প্রতিষ্ঠার পর থেকে ছাত্ররা কলেজটিকে মেডিকেল কলেজ ঘোষণার দাবি জানিয়ে আসছেন। সবশেষ জুলাই-আগস্ট মাসে কলেজের প্রথম ও দ্বিতীয় বর্ষের ছাত্ররা নিজ উদ্যোগে নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন শুরু করেন। সপ্তাহ খানেক আগে বিতর্কিত নেতারা আন্দোলনে যুক্ত হন।নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষক সমিতির একজন সদস্য প্রথম আলোকে বলেন, সর্বশেষ আন্দোলনে নেতারা নতুন ছাত্রদের ব্যবহার করেছে। সামনে ভর্তি-মৌসুম। ছাত্রলীগের সভাপতি ও ছাত্রসংসদের ভিপি কারোরই ছাত্রত্ব নেই। কিন্তু এ সময় নিজেদের প্রভাব দেখানো জরুরি। সে কারণেই এরা আন্দোলনে সম্পৃক্ত হয়।শিক্ষক ও সাবেক ছাত্রনেতাদের একটি বড় অংশ প্রথম আলোকে বলে, বর্তমানে কলেজ শাখা ছাত্রলীগের কমিটি ও ছাত্রসংসদ কমিটিতে যাঁরা নেতৃত্ব দিচ্ছেন তাঁরা চারদলীয় জোট সরকারের সময়ে ছাত্রশিবির ও ছাত্রদলের রাজনীতি করতেন। তাঁদের মধ্যে ছাত্রসংসদের ভিপি মামুন হোসেন ও ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম ছাত্রশিবিরের পক্ষে কলেজ ক্যাম্পাসে মিছিল-মিটিংয়ে নিয়মিত অংশ নিতেন। ছাত্রলীগের সভাপতি এ এইচ এম কামরুজ্জামান ছাত্রদলের রাজনীতি করতেন। কমিটিতে আরও কয়েকজন ছাত্রশিবিরের কর্মী আছেন বলে তাঁরা দাবি করেছেন। ছাত্রলীগের সভাপতি এ এইচ এম কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, তাঁর অনুপস্থিতিতে কলেজে ভাঙচুর হয়েছে। ভর্তি-বাণিজ্য ও সিট-বাণিজ্যের সঙ্গে দলের কেউ কেউ সম্পৃক্ত ছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। কামরুজ্জামান আরও বলেন, তিনি কখনো ছাত্রদল করতেন না। ১৯৯৮ সালে উচ্চমাধ্যমিক পাস করার পর থেকেই তিনি ছাত্রলীগের সঙ্গে জড়িত।এদিকে ছাত্রসংসদের ভিপি মামুন হোসেন তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, কারও বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া না গেলে তাঁকে শিবির বলাটা এখন নিয়মে পরিণত হয়েছে। তিনি গভীর ষড়যন্ত্রের শিকার বলেও দাবি করেন।