ছাত্রলীগ নেতার বিচার চেয়েছেন ২৯ শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতার ঔদ্ধত্যপূর্ণ আচরণের বিচার চেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ২৯ শিক্ষক। গতকাল মঙ্গলবার অনুষদের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে ওই নেতার আচরণে ক্ষুব্ধ হয়ে শিক্ষকেরা অনুষ্ঠান বর্জন করেন এবং বিচার চেয়ে উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দেন। শিক্ষকেরা অনুষ্ঠান বর্জন করায় শিল্পাচার্য জয়নুল পদক দেওয়া সম্ভব হয়নি। অভিযুক্ত ছাত্রলীগের ওই নেতার নাম নবেন্দু সাহা। তিনি চারুকলা অনুষদের মৃৎশিল্প বিভাগের মাস্টার্সের ছাত্র এবং ছাত্রলীগের কেন্দ্রীয় গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক। চারুকলা অনুষদের সহকারী প্রক্টর রবিউল ইসলাম প্রথম আলোকে বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে নবেন্দু সাহা পুরস্কার দেওয়ার জন্য বাছাইকৃতদের সম্পর্কে আপত্তি তোলেন। তিনি দাবি করেন, যোগ্যতা ও নিয়ম পূরণ না করা সত্ত্বেও কিছু শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হচ্ছে। একপর্যায়ে তিনি শিক্ষকদের নিয়েও আপত্তিকর কথা বলা শুরু করেন। তবে নবেন্দু সাহা বলেন, অনুষ্ঠানে তিনি কোনো আপত্তিকর আচরণ করেননি। শুধু বার্ষিক প্রদর্শনীর নীতিমালা ও জয়নুল পদকের নীতিমালার বিষয়ে জানতে চেয়েছেন।