ছাত্রলীগ নেত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে তিন ছাত্র আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগ নেত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে তিন ছাত্রকে পুলিশে দিয়েছে কর্তৃপক্ষ। গতকাল রোববার দুপুরে পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউট থেকে তাঁদের আটক করা হয়। এর আগে তাঁদের তিনজনকে বেধড়ক মারধর করেন ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
আটককৃত ছাত্ররা হলেন ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শ্রেণির সাজু মিয়া ও মাহবুবুর রহমান এবং সমাজবিজ্ঞান বিভাগের এনামুল হক।
একাধিক প্রত্যক্ষদর্শী প্রথম আলোকে বলেন, পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের সামনে এই তিনজনসহ চারজন ক্যানটিনের সামনে ওই নেত্রীকে নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তি করেন। এ সময় ওই ছাত্রী ঘটনার প্রতিবাদ করেন। এ সময় ইনস্টিটিউটের অন্য ছাত্ররা এসে তাঁদের মারধর করে ইনস্টিটিউটের পরিচালকের হাতে তুলে দেন। পরে প্রক্টরের মাধ্যমে তাঁদের পুলিশে সোপর্দ করা হয়।
জানতে চাইলে ওই ছাত্রলীগ নেত্রী প্রথম আলোকে বলেন, ‘আমি ক্যানটিন থেকে বের হওয়ার সময় ওরা আমাকে দেখে পেছন থেকে গান গাওয়া শুরু করে। বিভিন্ন ধরনের উল্টাপাল্টা প্রশ্ন করে বিরক্ত করে। পরে অন্যরা এসে তাদের ধরে প্রক্টরের মাধ্যমে পুলিশে দেয়।’
যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।