ছাত্রলীগের কর্মীদের মধ্যে সংঘর্ষে একজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির উদ্যোগে আয়োজিত জাতীয় বিতর্ক উৎসবে ঢোকাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই হলের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে মধুর ক্যানটিনের সামনে এই সংঘর্ষে ছাত্রলীগের কর্মী মিরাজুল ইসলাম আহত হয়েছেন। বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র মিরাজুলকে বিশ্ব-বিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে জসীমউদ্দীন হলের ছাত্রলীগের কর্মী এনামুল হক টিএসসির বিতর্ক উৎসবে ঢুকতে গেলে বঙ্গবন্ধু হলের ছাত্র ও বিতর্ক উৎসবের স্বেচ্ছাসেবক রিয়াদ তাঁর কাছে রেজিস্ট্রেশন কার্ড দেখতে চান। এনামুল তা দেখাতে ব্যর্থ হলে দুজনের মধ্যে বাগিবতণ্ডা শুরু হয়। কিছুক্ষণ পর বঙ্গবন্ধু হলের ছাত্র ও রিয়াদের ছোট ভাই মিরাজুল ইসলাম এসে বিতণ্ডায় যোগ দেন। একপর্যায়ে তাঁদের মধ্যে ধাক্কাধাক্কি হয়।এরপর বঙ্গবন্ধু হলের ছাত্রলীগের কর্মীরা এনামুলকে ধাওয়া করে মধুর ক্যানটিনে নিয়ে যান। এ সময় সেখানে অবস্থানকারী জসীমউদ্দীন হলের কিছু কর্মীর সঙ্গে তাঁদের সংঘর্ষ বাধলে মিরাজুল ইসলাম আহত হন। এ ঘটনার পর দুই হলের ছাত্রলীগের কর্মীরা রড, লাঠি, চাপাতি নিয়ে কয়েক দফা মহড়া দেন। তবে শেষ পর্যন্ত বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি।এ ঘটনার পর জসীমউদ্দীন হলের সভাপতি আবদুর রহমান ও সাধারণ সম্পাদক কাজী এনায়েত এক বিবৃতিতে বলেন, এনামুল গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র। তিনি ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় ও হল শাখার রাজনীতির সঙ্গে জড়িত নন। তাঁর অপতৎপরতার দায়ভার ছাত্রলীগ নেবে না।তবে হলসূত্রে জানা যায়, হলে একটি সংঘর্ষের ঘটনায় এনামুল ছাত্রলীগ থেকে বহিষ্কৃত হলেও দীর্ঘদিন ধরে তিনি হলেই অবস্থান করছেন এবং হলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত আছেন।সংঘর্ষের ব্যাপারে এনামুল হক প্রথম আলোকে বলেন, ‘বিতর্ক উৎসবে অংশ নিতে মাগুরা থেকে আসা শিক্ষার্থীদের সঙ্গে আমি দেখা করতে যাই। পরিচিত কয়েকজন স্বেচ্ছাসেবকের অনুমতি নিয়ে আমি টিএসসিতে ঢুকি। তা সত্ত্বেও রিয়াদ ইচ্ছাকৃতভাবে আমাকে বাধা দেন।’