ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ছাত্রলীগের কর্মীরা এক ছাত্রকে পিটিয়ে আহত করেছেন। তিনি বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়েছে। হল ছাত্রলীগ এক কর্মীকে সংগঠন থেকে বহিষ্কার করেছে।আহত মেহেদি হাসান গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি শীর্ষ নিউজ ডট কমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কর্মরত। গত শুক্রবার রাতে হলের অতিথিকক্ষে বন্ধুর সঙ্গে কথা বলছিলেন তিনি। এ সময় ছাত্রলীগের কর্মী সোহেল ও জাহিদ তাঁকে কক্ষের বাইরে যেতে বলেন। এর প্রতিবাদ করলে ছাত্রলীগের ওই দুই কর্মী মেহেদিকে মারধর করেন।হলের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, ইতিহাস চতুর্থ বর্ষের সোহেল ও ব্যবস্থাপনা চতুর্থ বর্ষের ছাত্র জাহিদ হল শাখা ছাত্রলীগের সভাপতি শাহিন আহমেদের অনুসারী। তাঁদের মধ্যে সোহেলকে হল থেকে দুবার বহিষ্কার করা হয়েছে।ঘটনার পর মেহেদি বাদী হয়ে সোহেল ও জাহিদকে আসামি করে শাহবাগ থানায় মামলা করেছেন। হল শাখা ছাত্রলীগ গতকালই সোহেলকে সংগঠন থেকে বহিষ্কার করেছে।হল ছাত্রলীগের সভাপতি শাহিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘সোহেল আমার অনুসারী ছিল। এখন তো সংগঠন থেকেই তাকে বহিষ্কার করা হয়েছে।’শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম প্রথম আলোকে বলেন, মামলা হওয়ার পর রাত সোয়া দুইটার দিকে হলে তল্লাশি করা হয়। অভিযুক্তরা এর আগেই পালিয়ে গেছেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওই কর্মকর্তা।