ছাত্রলীগের চার নেতা-কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলে বিশৃঙ্খলা সৃষ্টি ও শিক্ষক লাঞ্ছনার অভিযোগে ছাত্রলীগের চার নেতা-কর্মীকে নিষিদ্ধ ঘোষণা করেছে হল প্রশাসন। গতকাল বুধবার হলের প্রাধ্যক্ষ আজিজুর রহমান সংবাদ সম্মেলনে এ কথা জানান। বিশ্ববিদ্যালয়ে ছাত্রত্ব শেষ হয়ে যাওয়া ছাত্রলীগের চার নেতা-কর্মী হলেন, ২০৫ নম্বর কক্ষের বাসিন্দা ও ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি রেজা সেকান্দার, ৩১০ নম্বর কক্ষের বাসিন্দা ও বিশ্ববিদ্যালয় শাখার পরিকল্পনা ও কর্মসূচিবিষয়ক সম্পাদক মশিউর রহমান, ৫১৩ নম্বর কক্ষের বাসিন্দা নাসিম আম্মান ও ৫০৩ নম্বর কক্ষের বাসিন্দা আবদুস সালাম। এদের মধ্যে আবদুস সালাম হলের ছাত্র আবু বকর হত্যার ঘটনায় হল থেকে বহিষ্কৃত।গত ২২ জানুয়ারি হলে বিশৃঙ্খলা সৃষ্টি ও শিক্ষকদের লাঞ্ছনার ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গতকাল বেলা সাড়ে তিনটায় হল প্রশাসনের জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভাশেষে বিকেল সাড়ে চারটায় সংবাদ সম্মেলনে প্রাধ্যক্ষ তাদের নিষিদ্ধ করার ঘোষণা দেন।সংবাদ সম্মেলন চলার সময় ক্ষমা প্রার্থনার জন্য প্রাধ্যক্ষের কাছে আসেন অভিযুক্ত রেজা সেকান্দার, মশিউর রহমান ও নাসিম আম্মান। প্রাধ্যক্ষ তাঁদের হাতে ওই দিনের ঘটনার জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনাসহ কিছু শর্তসংবলিত চিঠি দেন। ওই চিঠি পড়ার পরপরই শর্ত মানি না এবং সই করতে অপারগতা জানিয়ে রেজা সেকান্দার প্রাধ্যক্ষের সামনে থেকে চলে যান। বাকি দুজন মৌখিক ক্ষমা চাইলেও চিঠিতে সই করতে রাজি হননি।