বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগের দুই কর্মীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। গত রোববার ক্যাম্পাসে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। একই ঘটনায় ছাত্রলীগের আরও পাঁচ কর্মীকে কারণ দর্শাতে বলেছে কর্তৃপক্ষ।সাময়িক বহিষ্কার হওয়া দুই শিক্ষার্থী হলেন সূর্যসেন হলের ছাত্রলীগের কর্মী ও লোকপ্রশাসন বিভাগের লাবিব আহমেদ এবং ফিন্যান্স বিভাগের কামরুল হাসান। কারণ দর্শাও নোটিশ পাওয়া পাঁচ ছাত্রলীগ কর্মী হচ্ছেন একই হলের ভূগোল ও পরিবেশ বিভাগের সাখাওয়াত হোসেন, সমাজবিজ্ঞান বিভাগের কাজী শামিম আহমেদ ও ইশতিয়াক ফিরোজ, মনোবিজ্ঞান বিভাগের রেজাউল করিম ও দর্শন বিভাগের আবু ফারহান। তাঁরা সবাই প্রথম বর্ষের ছাত্র। আগামী ১০ অক্টোবরের মধ্যে তাঁদের নোটিশের জবাব দিতে হবে।প্রসঙ্গত, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রোববার বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটারের সামনে রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় বর্ষের ছাত্র ও মুহসীন হলের ছাত্রলীগের কর্মী সাইফুদ্দিনের ওপর হামলা করেন ছাত্রলীগের ওই কর্মীরা।