পৃথক দুটি ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি হলের দুই ছাত্রলীগ নেতাকে সংগঠনের সব দায়িত্ব ও কর্মকাণ্ড থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এ সিদ্ধান্তের কথা জানায়।
অব্যাহতি পাওয়া ছাত্রলীগ নেতারা হলেন—মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বনি আমিন মোল্লা ও স্যার এ এফ রহমান হলের যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম ইমরান।
গত শনিবার হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিন নেতার সমাধিতে ফুল দেওয়ার কর্মসূচিতে যেতে দেরি করায় জিয়া হলে ১০ ছাত্রকে পিটিয়ে আহত করেন বনি আমিন ও তাঁর কর্মীরা।
আগের রাতে এফ রহমান হলে কক্ষ দখলকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে তিনজন আহত হন। আহত ছাত্রদের অভিযোগ, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম ইমরানের নেতৃত্বে তাঁদের ওপর হামলা করা হয়। এ সময় তাঁদের কক্ষেও ভাঙচুর করা হয়। একজনকে তিনতলা থেকে ফেলে দেওয়া হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান বলেন, বনি আমিন ও এইচ এম ইমরানকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছাত্রলীগের কোনো কর্মসূচিতে অংশ নিতে নিষেধ করা হয়েছে।