জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গতকাল রোববার ছাত্রলীগের দুই পক্ষে দফায় দফায় সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন বেলা দেড়টায় সব ক্লাস স্থগিত করে।প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গণিত বিভাগের নবীনবরণের টাকা তোলার নেতৃত্ব দেওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের সভাপতি পক্ষের কর্মী হাসানের সঙ্গে সাধারণ সম্পাদক পক্ষের শরিফের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে শরিফ ও তাঁর সঙ্গী ছাত্রলীগের কর্মী আকাশ হাসানকে মারধর করেন। পরে পৌনে ১০টায় সভাপতি পক্ষের কর্মী সঞ্জীব, হাসান, সৈকতসহ বেশ কয়েকজন গণিত বিভাগে গিয়ে শরিফ ও আকাশকে মারধর করেন। এ ঘটনার জের ধরে বেলা ১১টায় ক্যাম্পাসের শহীদ মিনার চত্বরে সভাপতি পক্ষের রাজীবের ওপর হামলা চালান সাধারণ সম্পাদক পক্ষের কর্মীরা।এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে বেলা একটার দিকে সভাপতি পক্ষের অর্ধশতাধিক কর্মী সশস্ত্র মহড়া দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন। সাধারণ সম্পাদক পক্ষের কর্মীরা কলাভবনে সংগঠিত হচ্ছেন শুনে তাঁরা ধাওয়া করেন। এ সময় সাধারণ সম্পাদক পক্ষের মোশারফকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করেন সভাপতির পক্ষের কর্মীরা। বেলা দেড়টায় পাল্টা আক্রমণ করেন সাধারণ সম্পাদক পক্ষের কর্মীরা। তাঁরা সভাপতি পক্ষের কর্মী সেলিমকে বেধড়ক মারধর করেন। এ সময় পুলিশ মারমুখী অবস্থান নিলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।বেলা দুইটার দিকে আবারও শহীদ মিনার ও কলাভবন চত্বরে উভয় পক্ষ মুখোমুখি অবস্থান নেয় এবং পাল্টাপাল্টি ধাওয়া হয়। পরে পুলিশ ও প্রক্টরিয়াল বডির সদস্যরা ছাত্রলীগের জ্যেষ্ঠ নেতাদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান বলেন, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। নেতা-কর্মীদের মধ্যে ভুলবোঝাবুঝির কারণে এটা হয়েছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গাজী আবু সাঈদ বলেন, প্রকৃত ঘটনা জেনে সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।সহকারী প্রক্টর অশোক কুমার সাহা প্রথম আলোকে বলেন, ঘটনা জানাতে গণিত বিভাগের চেয়ারম্যানকে উপাচার্য একটি চিঠি দিয়েছেন। চিঠির জবাব পেলেই প্রশাসন পরবর্তী ব্যবস্থা নেবে।