তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের মারধরে একজন আহত হয়েছেন। গতকাল রোববার বেলা সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটারের সামনে এ ঘটনা ঘটে।এ সময় ছাত্রলীগের সূর্য সেন হল শাখার কর্মীরা মুহসীন হল শাখার কর্মী সাইফুদ্দিনকে পিটিয়ে আহত করেন। আহত সাইফুদ্দিন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র এবং ছাত্রলীগ মুহসীন হল শাখা কমিটির সদস্য বলে জানা যায়। আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।হল সূত্রে জানা যায়, গত শনিবার রাতে লোকপ্রশাসন বিভাগের প্রথম বর্ষের ছাত্র ও সূর্য সেন হলের ছাত্রলীগের কর্মী লাবিব মুহসীন হলের অতিথিকক্ষে বসে পত্রিকা পড়ছিলেন। এ সময় মুহসীন হলের ছাত্রলীগের কর্মী সাইফুদ্দিন তাঁর সামনে থেকে পত্রিকা নিয়ে গেলে লাবিবের সঙ্গে তাঁর তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে সাইফুদ্দিন লাবিবকে হল থেকে বের করে দেন। এর জের ধরে গতকাল দুপুরে লাবিবের নেতৃত্বে ১০-১২ জন সাইফুদ্দিনের ওপর হামলা চালান।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, ঘটনার সঙ্গে জড়িত শিক্ষার্থীদের শাস্তি দেওয়া হবে।