জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই পক্ষের মারপিটে সাতজন আহত হয়েছেন। উত্তরা এলাকায় গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় ‘উল্কা-২’ নামের বিশ্ববিদ্যালয়ের একটি দ্বিতল বাসে এ ঘটনা ঘটে।সূত্র জানায়, গতকাল বেলা তিনটায় বিশ্ববিদ্যালয়ের উল্কা-২ বাসটি ক্যাম্পাস থেকে ছেড়ে যায়। বাসটি উত্তরা এলাকায় পৌঁছলে ছাত্রলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম পক্ষের কয়েকজন কর্মীর সঙ্গে যুগ্ম আহ্বায়ক আরিফুজ্জামানের সাতজন কর্মীর মারপিট লেগে যায়। এতে যুগ্ম আহ্বায়ক পক্ষের আলাউদ্দিন, রফিকুল ইসলাম, ইয়াসিন আরাফাত, শহীদুল, তরিকুল, সানি ও নয়নসহ সাতজন কর্মী আহত হন। ঘটনার পর আহত ছাত্রদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।ছাত্রলীগের একাধিক নেতা জানান, গত মঙ্গলবার আরিফুজ্জামান পক্ষের কর্মীরা বাসের ভেতর এক ছাত্রীকে উত্ত্যক্ত করেন। গতকাল আহ্বায়কের কর্মীরা এ বিষয়টি জিজ্ঞেস করার জন্যই মারপিটের সূত্রপাত হয়।খন্দকার আরিফুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘আমার কর্মীরা আহ্বায়কের পক্ষে কাজ না করায় তাঁদের মারধর করা হয়েছে।’ তবে ছাত্রী উত্ত্যক্ত করার বিষয়টি ভিত্তিহীন বলে দাবি করেন খন্দকার আরিফুজ্জামান।এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম আকন্দের মুঠোফোনে কয়েকবার চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অশোক কুমার সাহা প্রথম আলোকে জানান, এ বিষয়ে আহত ছাত্ররা মামলার প্রস্তুতি নিচ্ছেন। প্রশাসনও এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেবে।