ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল রোববার ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় এক পক্ষের বিরুদ্ধে গুলি ছোড়ার অভিযোগ পাওয়া গেছে। সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন নেতা-কর্মী আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, গত শনিবার রাত একটার দিকে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটকের সামনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের পক্ষের কর্মীদের মধ্যে বাগিবতণ্ডা হয়। এর জের ধরে গতকাল সকাল আটটার দিকে আগ্নেয়াস্ত্র, চাপাতি, রামদা, রড, হকিস্টিকসহ দেশীয় অস্ত্র নিয়ে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সামনে অবস্থান নেন সভাপতিপক্ষের নেতা-কর্মীরা। এরপর বেলা ১১টার দিকে সাধারণ সম্পাদকের পক্ষের নেতা-কর্মীরাও দেশীয় অস্ত্র নিয়ে বিশ্ববিদ্যালয় শহীদ মিনারের সামনে অবস্থান নেন। বেলা সাড়ে ১১টার দিকে সভাপতির পক্ষের কর্মীরা প্রতিপক্ষের দিকে গুলি ছোড়েন। তখন উভয় পক্ষের মধ্যে প্রায় ৩০ মিনিট পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ও ফাঁকা গুলি ছোড়ে। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়নি। পরে দুপুর ১২টার দিকে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক একসঙ্গে ক্যাম্পাসে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষে আহত পাঁচজনকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল ও মিটফোর্ড হাসপাতালে এবং অন্যদের বিশ্ববিদ্যালয়সংলগ্ন একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।বাংলার পরীক্ষা স্থগিত: সংঘর্ষের ঘটনায় বাংলা বিভাগের ষষ্ঠ সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিভাগের চেয়ারম্যান চঞ্চল কুমার বোস প্রথম আলোকে বলেন, দুপুর ১২টায় বিভাগের ষষ্ঠ সেমিস্টারে চূড়ান্ত পরীক্ষা হওয়ার কথা ছিল। পরীক্ষা শুরুর কিছুক্ষণ আগে ছাত্রলীগের সংঘর্ষ থামাতে তাঁর দপ্তরের ভেতরে একটি ও বিভাগের শ্রেণীকক্ষের সামনে আরও তিনটি কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। এতে তিনিসহ বিভাগের সব শিক্ষক-শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। এ কারণে পরীক্ষা বাতিল করা হয়েছে।সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, ‘সভাপতিপক্ষের কর্মীরা জামায়াত-শিবিরের উদ্দেশ্য বাস্তবায়ন করতে বিনা কারণে আমাদের পক্ষের লোকদের ওপর হামলা করেছে। তা ছাড়া ক্যাম্পাসে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসংবলিত কয়েকটি ব্যানার ছিল, তা পুড়িয়ে দিয়েছেন সভাপতির পক্ষের কর্মীরা।’তবে সভাপতি শরিফুল ইসলাম বলেন, তুচ্ছ ঘটনায় ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। সাধারণ সম্পাদকের অভিযোগ একেবারেই সঠিক নয়।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের নয়টি শেল ও দুটি ফাঁকা গুলি ছোড়া হয়েছে।কারণ দর্শানোর নোটিশ: দুই পক্ষের মধ্যে কেন সংঘর্ষ হলো, তার কারণ লিখিতভাবে জানাতে বলেছে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি। গতকাল সন্ধ্যায় কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তা জানানো হয়।