ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্বশত্রুতার জের ধরে ছাত্রলীগের দুই পক্ষের মারধরের ঘটনায় কমপক্ষে আটজন কর্মী আহত হয়েছেন। গতকাল রোববার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পরে ঘটনা তদন্তে প্রশাসন পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে।সূত্র জানায়, গতকাল বেলা দেড়টার দিকে শহীদ মিনার চত্বরে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক পক্ষের কর্মী খন্দকার ইউনুস ও শরীফুল ইসলাম। এ সময় পূর্বশত্রুতার জের ধরে লাঠিসোঁটা নিয়ে তাঁদের ওপর হামলা চালান সভাপতি পক্ষের কর্মী ইমরান ও রকি। পরে রক্তাক্ত অবস্থায় ইউনুস ও শরীফুলকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।বেলা দুইটার দিকে সাধারণ সম্পাদক পক্ষের অর্ধশতাধিক কর্মী লাঠি, রড ও হকিস্টিক নিয়ে পুরো ক্যাম্পাসে মহড়া দেন। এ সময় তাঁরা ভাস্কর্য চত্বর, নতুন ভবন ও কলা অনুষদে অবস্থান নেওয়া প্রতিপক্ষ রাকিবুর রহমান,্রসাইফুল ইসলাম, আশরাফুল আলমসহ ছয়জনকে পিটিয়ে আহত করেন।একপর্যায়ে সাধারণ সম্পাদক পক্ষের কর্মীরা কলা ও বাণিজ্য অনুষদের কয়েকটি শ্রেণীকক্ষও ভাঙচুর করেন। পরে ছাত্রলীগের জ্যেষ্ঠ নেতারা পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনার পর ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।বিকেলে উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ আইন বিভাগের চেয়ারম্যান আলী আক্কাসকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। উপাচার্য তদন্ত কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেন। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গাজী আবু সাঈদ বলেন, ‘দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসন শাস্তিমূলক ব্যবস্থা নিলে আমরা স্বাগত জানাব। সাংগঠনিক ব্যবস্থাও নেওয়া হবে।’প্রক্টর কাজী আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘পরিস্থিতি এখন শান্ত। দোষী ব্যক্তিদের আজকালের মধ্যে সাময়িক বহিষ্কার করা হবে। পরে তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে চূড়ান্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’