জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে এফ এম শরীফুল ইসলামকে সভাপতি ও সিরাজুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে। গত বুধবার রাতে কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন এ কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।নতুন কমিটির সদস্যরা গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ, ট্রেজারার সেলিম ভূঁইয়াসহ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রলীগের অন্য নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে তাঁরা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।মতবিনিময় সভায় শরীফুল ইসলাম বলেন, ছাত্রলীগ ও ছাত্রদলসহ প্রগতিশীল সব ছাত্র সংগঠনের সঙ্গে সহাবস্থানের মাধ্যমে একটি সুন্দর ও সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস প্রতিষ্ঠা করাই তাঁদের লক্ষ্য।এ সময় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক জসীম রেজা, সহসভাপতি জামিল খান ও সাবেক সাধারণ সম্পাদক এস এম মহসীনসহ সমিতির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।