ছাত্রলীগের নেতা বাদ শাস্তি পেলেন সাধারণ শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবল খেলা নিয়ে সংঘর্ষের ঘটনায় তিন ছাত্রকে সাময়িক বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ছাড়া ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও আট শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তবে অভিযোগ উঠেছে, অভিযুক্তের তালিকা থেকে এক ছাত্রলীগ নেতাকে বাদ দেওয়া হয়েছে। আবার ঘটনায় জড়িত না হয়েও এক সাধারণ শিক্ষার্থীকে শাস্তি পেতে হয়েছে।১০ আগস্ট বিকেলে বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলায় সংঘর্ষের ঘটনা তদন্তে কর্তৃপক্ষ ওই দিন রাতে সহকারী প্রক্টর আমজাদ আলীকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করে। গত শনিবার এ কমিটি প্রাথমিক তদন্ত শেষে তাদের প্রতিবেদন উপাচার্যের কাছে জমা দেয়।সূত্র জানায়, কমিটির প্রতিবেদনে যে তিন ছাত্রকে সাময়িক বহিষ্কারের সুপারিশ করা হয়, তাঁরা হলেন রাজীব হোসেন, লিটন পারভেজ ও আফসান।তদন্ত কমিটির প্রধান বলেন, রাজীব ও লিটন শিক্ষকদের সরাসরি আঘাত করেছেন, এমন ঘটনার সত্যতা পাওয়ার পর তাঁদের সাময়িক বহিষ্কার করা হয়। আফসানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে সংঘর্ষ উসকে দেওয়ার অভিযোগে।ঘটনার দিন ছিল অর্থনীতি বিভাগের নবীনবরণ অনুষ্ঠান। বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, আফসান সারা দিন নবীনবরণ অনুষ্ঠানেই ছিলেন।বিভাগের শিক্ষক এস এম আবদুল্লাহ ও শাহাদৎ হোসেন সিদ্দিকী বলেন, আফসানের বিরুদ্ধে তদন্ত কমিটির এ অভিযোগ অযৌক্তিক।এদিকে ঘটনার দিন প্রত্যক্ষদর্শী ও লাঞ্ছিত শিক্ষকদের দাবি, সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং পালি ও বুড্ডিস্ট স্টাডিজ বিভাগের অধিনায়ক আনোয়ার হোসেনের কারণেই সংঘর্ষের সূত্রপাত হয়। পরে তা ছড়িয়ে পড়ে।ঘটনার দিন লাঞ্ছিত হয়েছিলেন শিক্ষক ছিদ্দিকুর রহমান। তিনি বলেন, ওই দিন অনেকটা পরিকল্পিতভাবে আনোয়ার হোসেন তাঁর দলবল নিয়ে সংঘর্ষে জড়িয়েছিলেন।