ছাত্রলীগের পছন্দের প্রার্থীকে নিয়োগ না দেওয়ায় এক কর্মচারীকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা কর্মকর্তা পদে পছন্দের প্রার্থীকে নিয়োগ না দেওয়ায় ছাত্রলীগের কর্মীরা উপাচার্য কার্যালয়ের অফিস সহকারী মোহাম্মদ জামাল হোসেনকে (৩২) বেধড়ক মারধর করেন। গতকাল দুপুর একটায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত জামালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বিশ্ববিদ্যালয়ের শাখা কর্মকর্তা পদে দুজন চাকরিপ্রার্থীর জন্য ছাত্রলীগের নেতারা তদবির করেছিলেন। গতকাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ওই পদে চারজনের নিয়োগ চূড়ান্ত হয়। কিন্তু নিয়োগসংক্রান্ত কমিটিতে ছাত্রলীগের পছন্দের দুই চাকরিপ্রার্থী বিবেচিত হননি। দুপুরে সিন্ডিকেট সভা শেষে এ খবর জানতে পেরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের একদল কর্মী উপাচার্য কার্যালয়ে হানা দেন। তাঁরা সেখানে আর কাউকে না পেয়ে অফিস সহকারী জামালকে প্রশাসনিক ভবনের দক্ষিণ পাশে নিয়ে বেধড়ক মারধর করেন।এ ব্যাপারে জানতে চাইলে ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি কামরুল হাসান বলেন, ‘উপাচার্য কার্যালয়ে ওই ব্যক্তি শিবিরের এজেন্ট হিসেবে কাজ করে আসছিলেন। ক্যাম্পাসে শিবির নিধনের অংশ হিসেবে এ ঘটনা ঘটেছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান ছাত্রলীগ চালিয়ে যাবে।’গতকাল সন্ধ্যায় এক প্রশাসনিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ছাত্রলীগের পছন্দের প্রার্থীদের নিয়োগ না হওয়ায় তাঁদের হুমকি দেওয়া হচ্ছে। তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ প্রথম আলোকে, ঘটনা সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে। রোববার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।