বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফ্রন্টের নেতা-কর্মীরা অভিযোগ করেছেন, চাঁদাবাজি ও টেন্ডারবাজির বিরুদ্ধে প্রচারণা চালানোর সময় গতকাল শনিবার তাঁদের কয়েকজন কর্মীর ওপর হামলা ও তাঁদের দুটি কক্ষ ভাঙচুর করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। তবে ছাত্রলীগ উল্টো অভিযোগ করে বলেছে, ছাত্র ফ্রন্টের কর্মীরাই প্রথমে ছাত্রলীগের একজন নেতার ওপর চড়াও হন। ছাত্র ফ্রন্টের বুয়েট শাখার আহ্বায়ক গৌতম কুমার দে জানান, বুয়েটে দেয়াল লিখন ও পোস্টারিং করার সময় ছাত্রলীগের কয়েকজন নেতা তাঁদের জিজ্ঞাসাবাদ করেন। এরপর তাঁরা বুয়েটের নতুন ছাত্রদের স্বাগত জানানোর জন্য টাঙানো ব্যানারটি ছিঁড়ে ফেলার চেষ্টা করেন। এতে বাধা দিলে ছাত্রলীগের কর্মীরা হামলা চালান। পরে রশিদ হলের ৪০০৬ নম্বর কক্ষ থেকে জিনিসপত্র বের করে দেন। ছাত্র ফ্রন্ট অভিযোগ করেছে, ছাত্রলীগের ছেলেরা বুয়েট শাখা ছাত্র ফ্রন্টের আহ্বায়ক গৌতম কুমার দে, মুনিম বিন গণি, জয় ভট্টাচার্য এবং মেজবাউল হককে মারধর করেছেন।বুয়েট ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রনক আহসান বলেন, ‘ছাত্র ফ্রন্টের ছেলেরা বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করেন। তাঁরা বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়েও আজেবাজে কথা বলছিলেন। তখন ছাত্রলীগের কর্মীরা এর কারণ জানতে চাইলে ছাত্র ফ্রন্টের ছেলেরাই প্রথমে ছাত্রলীগের ছেলেদের ওপর চড়াও হন।’