বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানকে কেন্দ্র করে সরকারি কবি নজরুল কলেজ শাখা ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১২ জন নেতা-কর্মী আহত হয়েছেন। গতকাল সোমবার দুুপুরে কলেজ ক্যাম্পাসের মূল ফটকের বাইরে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, শোক দিবস উপলক্ষে গতকাল কবি নজরুল কলেজ কর্তৃপক্ষ ক্যাম্পাসে অনুষ্ঠানের আয়োজন করে। এ জন্য সকাল থেকেই কলেজের মূল ফটকে ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সভাপতি মহিউদ্দিন সরকারের পক্ষের কর্মীরা অবস্থান নেন। দুপুর সাড়ে ১২টার দিকে বিলুপ্ত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মামুন মিয়ার কর্মীরা কলেজ প্রাঙ্গণে প্রবেশের চেষ্টা করলে সাবেক সভাপতির কর্মীরা তাঁদের বাধা দেন। এতে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে কিছুক্ষণ পর রড, হকিস্টিক ও লাঠিসোঁটা নিয়ে মামুনের কর্মীরা মহিউদ্দিনের পক্ষের কর্মীদের ওপর হামলা চালান।সংঘর্ষে রাকিব হাসান, রানা, মামুন, সাব্বির, এনামুল, আল-আমিন, বাবু, রাজীব, পারভেজসহ ১২ জন আহত হন। পরে সূত্রাপুর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহত নেতা-কর্মীদের স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়।কলেজ ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সভাপতি মহিউদ্দিন সরকার বলেন, ‘বহিরাগত সন্ত্রাসীরা শোক দিবসের অনুষ্ঠান পণ্ড করতেই আমার কর্মীদের ওপর হামলা চালান।’ তিনি ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে কোনো সংঘর্ষ হয়নি বলে দাবি করেন। তবে বিলুপ্ত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মামুন মিয়া সাংবাদিকদের বলেন, ‘কলেজ অধ্যক্ষের আমন্ত্রণে আমরা শোক দিবসের অনুষ্ঠানে যেতে চেয়েছিলাম। কিন্তু সাবেক সভাপতির কর্মীরা আমাদের ওপর অন্যায়ভাবে হামলা করেছেন।’সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কোনো পক্ষই মামলা করেনি।ভর্তি-বাণিজ্য ও অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে গত ২১ জুলাই কবি নজরুল কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় কমিটি।