ছাত্রলীগের সভাপতির হাতে শিক্ষক লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসানের হাতে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন লাঞ্ছিত হয়েছেন। গতকাল রোববার প্রশাসনিক ভবনে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার সাক্ষাত্কার চলাকালে এ ঘটনা ঘটে। সূত্র জানায়, গতকাল দুপুরে ছাত্রলীগের সভাপতি সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মো. রেজাউল করিমের কার্যালয়ে মেধা তালিকায় পেছনে থাকা একজন শিক্ষার্থীকে ভর্তি করার জন্য চাপ দেন। ওই শিক্ষার্থীকে ভর্তির জন্য স্থানীয় সাংসদও সুপারিশ করেন। ডিন ছাত্রলীগের নেতার ওই প্রস্তাবে জানান, ওই ছাত্রের ফলাফল ভালো নয়, তাকে ভর্তি করা যাবে না। এতে ছাত্রলীগের নেতা ওই শিক্ষককে গালিগালাজ করেন এবং ডিনকে ক্যাম্পাস থেকে চলে যেতে বলেন। ওই নেতা তাঁকে দেখে নেওয়ারও হুমকি দেন।এ ব্যাপারে জানতে চাইলে ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান রিপন প্রথম আলোকে বলেন, ‘এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। আমি ডিনের সঙ্গে দেখা করেছি, কোনো তদবির নিয়ে নয়।’ সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মো. রেজাউল করিম বলেন, ‘কিছু একটা ঘটেছে, তবে বিষয়টি না বলাই ভালো।’ এ ঘটনার পর বেশ কয়েকজন শিক্ষক ক্ষোভ প্রকাশ করে বলেন, আজকের (গতকাল) ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার না হলে আরও খারাপ পরিস্থিতিতে পড়তে হবে আমাদের। এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. শওকত জাহাঙ্গীর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আজকের (গতকাল) ঘটনাটি সত্যিই অনাকাঙ্ক্ষিত।’