ছাত্রলীগের হামলায় ছাত্রফ্রন্টের তিন নেতা আহত
ক্যানটিন কর্মচারীদের মারধর করার প্রতিবাদ করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের তিন নেতাকে পিটিয়ে আহত করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
রোববার রাতে হলের উত্তর ভবনের ক্যানটিনে এ ঘটনা ঘটে। একাধিক প্রত্যক্ষদর্শী প্রথম আলোকে বলেন, রাতে জগন্নাথ হলে অনুষ্ঠান ছিল। ফলে ক্যানটিনে বেশ ভিড় ছিল। খাবার দিতে দেরি হওয়ায় ক্যানটিনে খেতে আসা চার-পাঁচজন ছাত্রলীগ নেতা একপর্যায়ে এক কর্মচারীকে মারধর করেন। এ সময় সেখানে উপস্থিত ছাত্রফ্রন্টের নেতা-কর্মীরা তাঁদের বাধা দিলে দুই পক্ষের হাতাহাতি হয়। এ সময় ছাত্রলীগের আরও নেতা-কর্মীরা এসে তাঁদের ওপর চড়াও হন।
হামলায় ছাত্রফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সালমান সিদ্দিকী, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদিকুল ইসলাম ও জগন্নাথ হল শাখার সাধারণ সম্পাদক খোকন মোহন্ত আহত হন। সাদিকুলের মাথা ফেটে যায়। এদের তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে ঘটনার বিচারের দাবিতে সমাবেশ করেছে ছাত্রফ্রন্ট। এ সময় তাঁরা অভিযোগ করেন, হামলায় ছাত্রলীগের জগন্নাথ হল শাখার সহসভাপতি উৎপল বিশ্বাস, যুগ্ম সম্পাদক শ্যামল সরকার, সাংগঠনিক সম্পাদক দীপু জড়িত ছিলেন।