ছাত্রলীগের হামলায় পরিবহনশ্রমিকসহ আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনা টিকিটে বাসে উঠতে না দেওয়ার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীদের হামলায় দুজন পরিবহনশ্রমিকসহ চারজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়সংলগ্ন বাহাদুর শাহ পার্ক এলাকায় এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা দুইটায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মী পলাশ, নাজমুল, অনীক, তাহেরসহ বেশ কয়েকজন বিশ্ববিদ্যালয়সংলগ্ন বাহাদুর শাহ পার্ক এলাকার বাসস্ট্যান্ডে আজমেরী পরিবহনে বিনা টিকিটে উঠতে যান। এ সময় পরিবহনশ্রমিকেরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়।একপর্যায়ে ছাত্রলীগের কর্মীরা লাঠিসোঁটা নিয়ে সংগঠিত হয়ে বাস কাউন্টারে হামলা চালিয়ে ভাঙচুর করেন। বাধা দিতে এসে পরিবহনশ্রমিক দেলোয়ার হোসেন ও রেজাউল করিম তাঁদের মারধরের শিকার হন। এ ছাড়া লাকি আক্তার ও হেলেনা খাতুন নামের দুই পথচারী ছাত্রলীগের কর্মীদের লাঠির আঘাতে আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।আজমেরী পরিবহনের এক কর্মচারী অভিযোগ করে জানান, অর্ধেক ভাড়া চাইলেও ছাত্রলীগের কর্মীরা দিতে চান না। হামলা চালিয়ে কাউন্টার ভাঙচুর করে তাঁরা প্রায় তিন হাজার টাকা ছিনিয়ে নিয়েছেন।বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গাজী আবু সাঈদ বলেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। ঘটনার পর পরিবহনশ্রমিকদের সঙ্গে বসে বিষয়টি মীমাংসা করা হয়েছে।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি এখনো আমি জানি না। তবে পরিবহন কর্তৃপক্ষ লিখিত অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’