ছাত্রলীগের ১৯ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে ছাত্রলীগের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ১৯ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০০২-০৩ শিক্ষাবর্ষের ছাত্র আব্বাস আলী ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলা করেন। মহানগর হাকিম বাদীর জবানবন্দি গ্রহণ করে নালিশি আবেদনটি এজাহার হিসেবে নথিভুক্ত করতে শাহবাগ থানার পুলিশকে নির্দেশ দেন। আসামিরা হলেন: ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আনু, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন, সাংগঠনিক সম্পাদক শেখর, সূর্য সেন হলের বাতেন, তুহিন, সিয়াম, শিমুল, জসীমউদ্দীন হলের মেহেদী, এফ রহমান হলের সাহিদ, ফেরদৌস, জহুরুল হক হলের তানভীর, রিফাত, শরীফ, নয়ন, মুহসীন হলের সোহাগ, সবুজ, বিপ্লব, সলিমুল্লাহ মুসলিম হলের দিদার, রাইসুল ইসলাম আসাদসহ অজ্ঞাতনামা ১০-১২ জন। ছাত্রদলের সাবেক আইন সম্পাদক এম কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, ১০ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে ছাত্রদল কর্মী আব্বাস আলীসহ অনেককে ছাত্রলীগ কর্মীরা মারধর করেন। ঘটনার পরদিন তাঁরা শাহবাগ থানায় মামলা করতে গিয়েছিলেন। কিন্তু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামলা নেননি। তাই গতকাল সরাসরি আদালতের শরণাপন্ন হয়েছিলেন। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, মামলার বিষয়ে কোনো নির্দেশনা তিনি এখনো পাননি। প্রসঙ্গত, ৪ সেপ্টেম্বর মধ্যরাতে চল্লিশোর্ধ্ব, অছাত্র ও বিবাহিত ছাত্রদের দিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি ঘোষণা করা হয়। এরপর ১০ সেপ্টেম্বর বেলা দুইটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তাঁদের সৌজন্য সাক্ষাৎ করার কথা ছিল। কিন্তু এর আগেই ছাত্রলীগের নেতা-কর্মীরা ছাত্রদল কর্মীদের মারধর করলে ছাত্রদল সাক্ষাতের বিষয়টি বর্জন করে।