ছাত্রলীগের ৬২ বছরের ইতিহাস ও ঐতিহ্য গুটিকয়েক লোকের কারণে ম্লান হতে দেওয়া যাবে না, ভূলুণ্ঠিত করা যাবে না। ছাত্রলীগের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র মোকাবিলা করে একুশ শতকের দিনবদলের সৈনিক হতে হবে ছাত্রলীগের নেতা-কর্মীদের।ছাত্রলীগের সাবেক নেতা মনিরুজ্জামান বাদলের স্মরণে গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত স্মরণসভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের ছাত্রলীগের নেতা-কর্মীদের প্রতি এ আহ্বান জানান।ওবায়দুল কাদের বলেন, দিনবদলের সনদ বাস্তবায়নে তারুণ্যের শক্তি দরকার। সেই তারুণ্যদীপ্ত নেতৃত্ব ছাত্রলীগ দেবে, এটাই প্রত্যাশিত। সমাবেশে ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাসান বলেন, প্রতিষ্ঠার পর থেকে ছাত্রলীগ দেশ ও জাতি গঠনে নেতৃত্ব দিয়ে এসেছে। এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে। তিনি বলেন, মনিরুজ্জামান বাদল ছাত্রলীগের জন্য তাঁর জীবন দিয়ে গেছেন। তাঁর মতো আরও অনেক নেতার আত্মত্যাগ এই সংগঠনকে চিরজাগরূক রাখবে।সমাবেশে বক্তব্য দেন মনিরুজ্জামান বাদলের স্ত্রী শামীম আরা ও ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী।প্রসঙ্গত, মনিরুজ্জামান বাদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও পরে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। কেন্দ্রীয় নেতা থাকাবস্থায় ১৯৯২ সালে তাঁকে হত্যা করা হয়।